জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। কারাগারে থাকা মাকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করতে আবেদন জানিয়েছিলেন তার স্বামী শাহাদাৎ হোসেন নিপু।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভুইয়া গণমাধ্যমকে জানান, শর্মীর পরিবারের পক্ষ থেকে সন্তানের মরদেহ শেষবার দেখার ব্যবস্থা করতে আবেদন করা হয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে জানানো হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। একই তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন সুলতানার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তুর্য গত শুক্রবার রাতে মারা যায়। পরদিন শনিবার দুপুরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখার ব্যবস্থা করা হয়। মরদেহ দেখার পর শর্মীকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, প্যারোলে মুক্তির প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং এতে নানা প্রশাসনিক জটিলতা রয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ও বন্ধ ছিল। তাই তারা প্যারোলে মুক্তির পরিবর্তে কারাফটকে সন্তানের মরদেহ দেখানোর আবেদন করেছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শর্মী গ্রেফতার হওয়ার পর তার প্রতিবন্ধী সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছিল। মায়ের অনুপস্থিতিতে তার পরিচর্যা নিয়েও পরিবারকে সমস্যায় পড়তে হয়েছে।
এদিকে সন্তানের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও প্যারোলে মুক্তির আবেদন না করার বিষয়ে শর্মীর নিজস্ব কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শনিবার রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উপদেষ্টা রাসেদ খান তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি ক্লিয়ার করেন এবং শর্মীর স্বামীর আবেদনটি সেখানে যুক্ত করে দেন। সেই আবেদনপত্রে স্পষ্ট করে তার প্যারোলে মুক্তি নয়, সন্তানকে শেষ দেখানোর ব্যবস্থার বিষয়টি দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শারমিন সুলতানা শর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
শর্মী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭-২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এমআইকে/এএম