শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

তূর্যের মায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ, অতীতের নীরবতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

তূর্যের মায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ, অতীতের নীরবতা নিয়ে প্রশ্ন
তূর্যসহ তার মা ও সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি: সংগৃহীত

কাশিমপুর কারাগারের ফটকে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলে তূর্যের লাশ মাকে দেখানোর ঘটনাকে রাষ্ট্রের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি তৎকালীন সরকারের আচরণের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেছেন, মানবাধিকারের দাবি কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য?

শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে জুলকারনাইন সায়ের জানান, তূর্যের মা শারমিন সুলতানা শর্মী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক নেত্রী। গত অক্টোবর থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি কারাবন্দি। শনিবার দুপুরে কাশিমপুর কারাগারের ফটকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে ছেলের লাশ নিয়ে যাওয়া হলে তিনি সেখানে ছেলেকে শেষবারের মতো দেখেন। ছেলের শেষকৃত্যে অংশ নিতে পারেননি তিনি।

তূর্যের মায়ের প্রতি এ আচরণকে অন্যায় উল্লেখ করে জুলকারনাইন বলেন, প্যারোলের আবেদন করা হয়েছিল কি না, সে বিতর্কে তিনি যেতে চান না। তবে ১৫ বছরের এক কিশোরের লাশ কারাগারের ফটকে নিয়ে গিয়ে মাকে দেখানোর ঘটনা কোনো রাষ্ট্রের জন্য সম্মানজনক নয়।

তবে এ ঘটনার প্রতিবাদ জানানো অনেকের অতীত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, দীর্ঘদিন গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা যখন ‘মায়ের ডাক’ কর্মসূচির মাধ্যমে সন্তানদের ফিরে পাওয়ার দাবি জানাচ্ছিলেন, তখন অনেকেই নীরব ছিলেন। গাজীপুরের আলী আজম হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়ার সময়ও তাদের অনেকে প্রতিবাদ করেননি বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

হতভাগ্য সেই মায়ের উচ্চশিক্ষিত সন্তানদের পরিচয় প্রকাশ, নিন্দার ঝড়

কারাগারে তারেক সাঈদকে মারধরের অভিযোগ, আসলে কী ঘটেছিল

এ প্রসঙ্গে ২০২৪ সালের ২৮ জুলাই গণভবনে কোটা আন্দোলনে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার ঘটনাও স্মরণ করিয়ে দেন জুলকারনাইন। তিনি লেখেন, ওই দিন রংপুর থেকে আবু সাঈদের বাবা-মাকেও গণভবনে নেওয়া হয়েছিল। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজের কষ্টের কথা তুলে ধরেন।

জুলকারনাইনের দাবি, আবু সাঈদের ভাই রমজান আলী পরে জানিয়েছিলেন, তাদের জোর করে গণভবনে নেওয়া হয়েছিল। একইভাবে মোহাম্মদপুরে নিহত সৈকতের বোন সাবরিনা সাবন্তীও তার কাছে পরিবারের ওপর চাপ প্রয়োগের কথা জানিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

দুটি ঘটনার তুলনা টেনে জুলকারনাইন প্রশ্ন করেন, এক মাকে ছেলের লাশ দেখতে হয়েছে কারাগারের ফটকে, আরেক মাকে ছেলের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল—কোনটি বেশি নিষ্ঠুর বা অমানবিক?

তবে তূর্যের মায়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়কে আগের অন্যায়ের সঙ্গে তুলনা করে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি। তার ভাষায়, ‘তূর্যের মায়ের সঙ্গে যা হয়েছে, তা অন্যায়। সেদিনের অন্যায় দিয়ে আজকের অন্যায় জায়েজ হয় না।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, আজ যারা তূর্যের মায়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন, তাদের উচিত অতীতেও একইভাবে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো। রংপুরে গেলে আবু সাঈদের মা কিংবা রামপুরায় নিহত নাদিমের স্ত্রী তাবাসসুমের কাছ থেকে গণভবনের সেই অভিজ্ঞতার কথা শোনার আহ্বানও জানান তিনি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর