শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু
ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা / ছবি: শারমিন সুলতানার ফেসবুক পেজ

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কারাবন্দি নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মারা গেছে। মাকে শেষবারের মতো মুখ দেখানোর জন্য সন্তানের মরদেহ আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানেই মা শেষবারের মতো ছেলের মুখ দেখেন।

শারমিন সুলতানার ছেলের নাম নিসর্গ হোসেন তূর্য। তার বয়স হয়েছিল ১৫ বছর। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সে মারা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বলেন, কারাফটকে শারমিন সুলতানা ছেলেকে দেখেছে। দুপুর ১২টার দিকে তাদের দেখা হয়েছে। এখন আমরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছি।

তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে।

শাহাদাৎ হোসেন বলেন, তার স্ত্রী শারমিন সুলতানাকে বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দি কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও  জানানো হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে তাকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’ ভিডিওতে শারমিন সুলতানাকে আরও কয়েকটি খণ্ডিত বক্তব্য দিতে শোনা যায়।

অন্যদিকে, মারা যাওয়া সন্তানের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’

গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর