Dhaka Mail Logo

জাতীয়

মোহাম্মদপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এক সহকারীর আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের।

শুক্রবার দুপুরে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রাব্বী আল রাফসান মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্নাতকোত্তরের শিক্ষার্থী। পাশাপাশি ববি হাজ্জাজের রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার রাতে মোহাম্মদপুর থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

থানা সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তারা চাপের মধ্যে রয়েছেন। এ বিষয়ে ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়েছে। ঘটনার পর ছিনতাই প্রতিরোধে এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

মামলার বাদী রাব্বী আল রাফসান জানান, শুক্রবার তার স্নাতকোত্তরের ক্লাস ছিল। দুপুর পৌনে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা এলাকা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা দিয়ে তাঁর পথ আটকে দেন চার ব্যক্তি।

রাফসানের অভিযোগ, ওই অটোরিকশায় থাকা চার ব্যক্তি চাপাতি দেখিয়ে তার কাঁধে থাকা ব্যাগ ও পকেটে থাকা আইফোন ছিনিয়ে নেন। এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকবার আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছেন তিনি।

এমআইকে/এএস