দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার (২৮ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান। ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অর্নব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য সানজিদা মেহেনাজ তাসনিম।
রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি বিতর্ক দল অংশ নেয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে এবং প্রতিরোধে সচেতন হতে হবে। রাষ্ট্রীয় সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, বিতর্কের মূল্যবোধের সঙ্গে টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্যের সামঞ্জস্য রয়েছে। এ কারণে বিতর্কের উত্তম চর্চাকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই নতুন বিষয় সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি যুক্তিনির্ভর চর্চার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিতর্কের সময় যে মূল্যবোধ ও চেতনার চর্চা হয়েছে, বাস্তব জীবনেও সেই চেতনা ধরে রাখার প্রত্যাশা করেন তিনি।
টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অংশগ্রহণকারী বিতার্কিক ও বিচারকদের আন্তরিক সহযোগিতায় তিন দিনব্যাপী আবাসিক প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়েছে। বিতর্কের মাধ্যমে পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যৌক্তিক চিন্তার যে চর্চা হয়েছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও তরুণদের উৎসাহিত করতে প্রতিযোগিতার প্রতিটি বিতর্ক দল এবং বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল।
২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চতুর্থবারের মতো এ আবাসিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানারআপ দলকে ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। প্রতিযোগিতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
এএইচ/এএম




