জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় নির্বাচনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনি তফশিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৭ ডিসেম্বর একই স্থানে ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর রাত ১০টা। ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক স্থায়ী সদস্যদের নভেম্বর ২০২৬ পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধিত থাকতে হবে। ক্লাবের গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ-এর ৫ ধারা অনুযায়ী, মনোনয়নের পূর্ববর্তী মাস পর্যন্ত সব বকেয়া পরিশোধ না থাকলে কোনো প্রার্থী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
আগামী দুই বছর মেয়াদি ব্যবস্থাপনা কমিটির (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮) নির্বাচনের জন্য সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বর্তমান ব্যবস্থাপনা কমিটি। চূড়ান্ত ভোটার তালিকা ২৯ নভেম্বর ক্লাবের নোটিশ বোর্ডে টানানো হবে।
এএইচ/ এজে




