নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়িয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী ও মেলা।
শনিবার (২৮ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী ও মেলা আয়োজনের কথা ছিল। তবে দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানোর লক্ষ্যে সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ নভেম্বর থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন শুরু হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
এএইচ/এফএ