দেশের বিভিন্ন জেলায় দিনদুপুরে বাসাবাড়ি, স্বর্ণের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক ঘটছে সংঘবদ্ধ ডাকাতি ও সশস্ত্র লুটপাটের ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হচ্ছে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী। কখনো বাসার অন্য ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে, আবার কখনো প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দিয়ে চালানো হচ্ছে লুটপাট। গত তিন মাসে ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, ঝালকাঠি ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় ১০টির বেশি এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেক ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। আগে দিনের বেলায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা তুলনামূলক কম ঘটত। কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধরনের অপরাধের ঘটনা বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। বিশেষ করে যেসব বাসাবাড়িতে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী রয়েছে, সেসব পরিবারের মধ্যে উদ্বেগ বেশি। নিরাপত্তার জন্য কেউ কেউ অস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা ভাবছেন। আবার অনেকে বাসায় রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা ব্যাংকের লকারে সরিয়ে নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন মাসে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, ঝালকাঠি ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে। কোথাও অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা চালিয়ে বিপুল অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমনকি সড়কে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করেও ডাকাতির ঘটনা ঘটেছে।
গত ১৫ নভেম্বর দক্ষিণ যাত্রাবাড়ীতে দিনেদুপুরে এক ব্যাংকারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাসায় কেউ ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে ডাকাত দল বাসায় ঢুকে সব কিছু লুট করে নিয়ে যায়। ডাকাতির আগে তারা পাশের ফ্ল্যাটের দরজা বাইর থেকে লাগিয়ে দেয়। ফলে অপর ফ্ল্যাটের লোকজন তা টেরও পায়নি। ডাকাতরা বাসায় থাকা সোনাদানা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি জিডি হয়েছে।
ভুক্তভোগী ব্যাংকার মুনমুন ঢাকা মেইলকে বলেন, ‘প্রায় ১১ লাখ টাকার সোনা, রুপাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এর মধ্যে অলংকার, সার্টিফিকেট, বিয়ের গহনা, রুপার পায়ের নূপুর ও নগদ ৫০ হাজার টাকা রয়েছে। ড্রয়ারে যা পেয়েছে, সব নিয়ে গেছে। কাপড়চোপড় এলোমেলো করেছে। এমনকি চালের ড্রামেও টাকা ও সোনা খুঁজেছে। শুধু তা-ই নয়, ফ্রিজ পর্যন্ত খুলেছে। লকার ভেঙে এসব জিনিসপত্র নিয়ে গেছে।’ দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওই বাসার মালিক সানজিদা স্নিগ্ধা ঢাকা মেইলকে বলেন, ‘ওই সময় আমি বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠে দরজা খুলতে গিয়ে দেখি ফ্ল্যাটের প্রধান দরজা খুলছে না। পরে পাশের বাসার আপাকে (ভুক্তভোগী মুনমুন) নাম ধরে ডাকছিলাম তিনিও সাড়া দিচ্ছেন না। এক পর্যায়ে বাসার অন্যরা ছুটে আসে। পরে আমরা দেখতে পাই, মুনমুন আপার বাসার দরজার লক ভাঙা। এরপর ঢুকে দেখি তার বাসায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় বাসার কেউ তখন টেরও পায়নি।’
তিন মাসে ডাকাতি ও দস্যুতার যত ঘটনা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির চারটি ও দস্যুতার ২২টি মামলা হয়েছে। সেপ্টেম্বরে ডাকাতির কোনো মামলা না হলেও দস্যুতার মামলা হয়েছে ২৩টি। আর অক্টোবরে ডাকাতির একটি ও দস্যুতার ২৪টি মামলা হয়েছে।
অন্যদিকে পুলিশ সদর দফতরের তথ্য বলছে, আগস্ট মাসে সারা দেশের বিভিন্ন থানায় ডাকাতির ৪২টি ও দস্যুতার ১৫৪টি মামলা হয়েছে। সেপ্টেম্বরে ডাকাতির ২৮টি ও দস্যুতার ১৫৩টি এবং অক্টোবরে ডাকাতির ৩০টি ও দস্যুতার ১৪৫টি মামলা হয়েছে।
বিভিন্ন জেলায় ডাকাতির একাধিক ঘটনা
গত ৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লার চান্দিনা পৌরসভার হারাং এলাকার দারোগা বাড়িতে ১০-১২ জন ডাকাত মুখোশ পরে হানা দেয়। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে ৭৪ হাজার ৬০০ টাকা, স্বর্ণ-রুপার গহনা ও চারটি স্মার্টফোন লুট করে। পালানোর পথে দুই পথচারীর কাছ থেকেও দুটি মোবাইল ছিনিয়ে নেয় তারা। চান্দিনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
২৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বন্দরে ঢাকেশ্বরী বাজারে একটি স্বর্ণের দোকানে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল দোকানে প্রবেশ করে মালিককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার লুট করে। পরে স্বর্ণ ও রুপার পাশাপাশি এক ক্রেতার কাছ থেকেও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তার আগে ১৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে এক নারীকে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। পরে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগ নিয়ে এ ঘটনা।
গত ২৮ অক্টোবর চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য রাখা ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বড়ুয়াপাড়া থেকে কদলপুর নতুনহাট সংযোগ সড়ক এলাকায় সংঘটিত এ ঘটনায় শামসুন নাহার নামে এক নারীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়।
১৯ অক্টোবর কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালা এলাকায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ডাকাতরা সড়কে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। এ সময় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন ডাকাতির কবলে পড়ে। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়। দুটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গত ৬ অক্টোবর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর বলতলা গ্রামের মৃধাবাড়িতে দিনদুপুরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে সংঘটিত এ ঘটনায় একটি বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ ওঠে।
সর্বশেষ গত ২২ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া মধ্যবাজারে সুবহা স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। পাঁচটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত বাজারে এসে ব্যবসায়ীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী আহত হন।
দিনের বেলায় এমন সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার, অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো দাবি করেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: পুলিশে আওয়ামী সংশ্লিষ্টদের ঘুম হারাম!
এ বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি কামারুম মুনিরা ঢাকা মেইলকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডাকাতির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এসব অপরাধে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি, অভিযান এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
এমআইকে/এমআর




