শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ফ্যাসিস্ট আমলে বিত্তশালীদের আঁতাতে সর্বত্র মাফিয়াতন্ত্র ছিল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

‘ফ্যাসিস্ট আমলে বিত্তশালীদের আঁতাতে সর্বত্র মাফিয়াতন্ত্র ছিল’
সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর / সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে অশুভ যোগসাজশের মাধ্যমে জনগণের বিপুল অর্থ বিদেশে পাচার করে অর্থনীতির প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র গড়ে তোলা হয়েছিল। এতে দেশের অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ বিভাগের সচিব, আইসিএবি ও সাফার সভাপতিসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুশাসন ভেঙে পড়ায় বাংলাদেশকে চড়া মূল্য দিতে হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান নয়; ব্যাংকিং, বীমা, পুঁজিবাজার ও করপোরেট গভর্ন্যান্সের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও এর শিকার হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অশুভ আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এতে অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের চক্রে পড়ে এবং প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র গড়ে ওঠে।

অর্থ পাচারের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে ২০২৪ সালের শ্বেতপত্রে প্রাক্কলন করা হয়েছে যে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংক খাতের দুরবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আরও স্বচ্ছ ঋণ শ্রেণিকরণের মাধ্যমে আগে লুকিয়ে রাখা দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ্যে আসায় এই বৃদ্ধির বড় অংশ প্রতিফলিত হয়েছে। স্বচ্ছতা বেদনাদায়ক হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। সংকটের প্রকৃত গভীরতা স্বীকার না করে আমরা এর সমাধান করতে পারব না।

অর্থনীতি পুনরুদ্ধারে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অর্থ পাচার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, ব্যাংকিং জালিয়াতি রোধে সুরক্ষা বৃদ্ধি, আইনি প্রক্রিয়ায় পাচারকৃত অর্থ উদ্ধার এবং খেলাপি ঋণের বোঝা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কোনো আপস ছাড়াই টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে এসব উদ্যোগকে এগিয়ে নিতে হবে।

সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল সামষ্টিক-আর্থিক প্রেক্ষাপট ও বিনিয়োগকারীদের আস্থা তৈরি’ বর্তমান সময়ে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, আস্থাই একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি। আমানতকারীরা ব্যাংকে তাদের সঞ্চয় রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করেন এবং নাগরিকরা প্রত্যাশা করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ রক্ষা করবে। এই আস্থা নষ্ট হলে তার প্রভাব কেবল আর্থিক বাজারেই সীমাবদ্ধ থাকে না; বরং পরিবার, ব্যবসা-বাণিজ্য ও জাতীয় স্থিতিশীলতার ওপরও পড়ে।

তিনি আরও বলেন, আর্থিক স্থিতিশীলতা ফেরানো, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্যের প্রাপ্যতা ও স্থিতিশীল নিয়ন্ত্রণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করতে হবে। করদাতারা সরকারি ব্যয় এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্পষ্ট ও যাচাইযোগ্য হিসাব পাওয়ার অধিকার রাখেন।

কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব তুলে ধরে তিনি সহজ শর্তে আনুষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ তৈরিতে সহজীকৃত কমপ্লায়েন্স, ডিজিটাল আর্থিক সাক্ষরতা ও সঠিক হিসাবরক্ষণ ব্যবস্থায় সহায়তা দেওয়ার আহ্বান জানান।

অর্থনীতি রক্ষাকে সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু নিরীক্ষকদের কাজ নয়। হিসাবরক্ষক, কর ও রাজস্ব কর্মকর্তা, ক্রয় প্রশাসক, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক সবারই জনগণের সম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। নীতিনির্ধারণী প্রক্রিয়াতেও হিসাবরক্ষকদের যুক্ত করা উচিত। অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাবের বিরুদ্ধে সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতাকে প্রথম প্রতিরক্ষা ব্যুহ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিষ্ঠান পুনর্গঠনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি প্রয়াত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান (এফসিএ), জামালউদ্দিন আহমেদ (এফসিএ) ও এ কে এম মোশাররফ হোসেনের (এফসিএ) সততা ও অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাফা ও আইসিএবি বার্ষিক প্রতিবেদন পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।

নিরীক্ষকদের স্বাধীনতার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের স্বাধীনতার ওপর। হিসাবরক্ষণ পেশাজীবীদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেওয়া এবং অযাচিত চাপ প্রতিহত করার সাহস থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাবরক্ষক, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ভয়ভীতি ও পক্ষপাতমুক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

আঞ্চলিক সংহতির প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়া অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলে তিনি বিশ্বাস করতেন। ১৯৯১ সালে ঢাকায় সাফা সম্মেলন উদ্বোধনের মাধ্যমে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ঐতিহ্যকে আরও শক্তিশালী করেছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন ও টেকসই মানদণ্ডের প্রভাবে আর্থিক পেশায় পরিবর্তন আসছে উল্লেখ করে রাষ্ট্রপতি অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে তিনি ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর