Dhaka Mail Logo

জাতীয়

ভূমি ও পাসপোর্ট অফিসসহ ৪ প্রতিষ্ঠানে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

ভূমি, পাসপোর্ট ও সিভিল এভিয়েশনসহ ৪ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানি, অনিয়ম, ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। অভিযানকালে সংশ্লিষ্ট দফতরগুলো থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) এর ই/এম প্রকল্পে বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানসহ নানাবিধ আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও, ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবিসহ নানা অভিযোগে সেখানে অভিযান চালানো হয়।

এ ছাড়াও, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানি এবং সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সেখানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন মুলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি (মিউটেশন) কার্যক্রমে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি করে ফাইল আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দালালের মাধ্যমে ঘুষ লেনদেন এবং সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবি ও আদায়সহ নানাবিধ অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়।

পাশাপাশি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসায় হয়রানি এবং বিশেষ করে কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রশিদ ছাড়া অর্থ আদায় করে তা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের সত্যতা যাচাইয়ে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

একেএস/এএম