বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম

শেয়ার করুন:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

টানা ১২ ঘণ্টা দীর্ঘ বৈঠক করে দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা শুরু হয়। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।

নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে জানান, সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবের বিষয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

বাবুল আখতার জানান, বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট ১৮ হাজার টাকার পক্ষে পড়ে। সংখ্যাগরিষ্ঠ মতামতেরভিত্তিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।

জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪–এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। তখন সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা।

সভায় দর–কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার দাবি করে।

শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত ১টার পর এই ভোট অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা চলে। তবে দুই পক্ষের ব্যবধান থাকায় এদিনও চূড়ান্ত সুপারিশে পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার, সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল।

এদিকে, মজুরি নিয়ে আলোচনা চলাকালে শিল্পাঞ্চলের অস্থিরতা পোশাক খাতের সংকটকে আরও জটিল করে তোলে। বিজিএমইএর ২২ নভেম্বর প্রকাশিত জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে ৩১৭টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর