Dhaka Mail Logo

জাতীয়

গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত দুই নারী পোশাক শ্রমিক ঢামেকে ভর্তি

২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

গাজীপুরের গাছা থানাধীন ছয়দানা এলাকায় চলমান শ্রমিক আন্দোলনের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে শিরিনা ১ (৪০) ও শিরিনা ২ (২৯) নামে দুই নারী পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ছয়দানার হাজিরপুকুর ও ভুসিরমিল এলাকায় পৃথক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে শিরিনা ১ (৪০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ডোমনা কান্দা গ্রামের মো. আবু বকরের মেয়ে। তিনি গাজীপুরের বোর্ডবাজার এলাকার কামাজুরী রোডে বসবাস করতেন এবং স্থানীয় ম্যাট্রিক্স গার্মেন্টসে কর্মরত।

শিরিনা ১ এর ভাই আলামিন বলেন, ‘মঙ্গলবার বিকেল ৩টার দিকে ছয়দানা হাজিরপুকুর এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টসের সামনে শ্রমিকদের আন্দোলন চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি সাউন্ড গ্রেনেডের শেল শিরিনার মুখের ডান পাশের চোয়ালে এসে লাগলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।’

তিনি বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত আনুমানিক পৌনে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।’

অপরদিকে, একই সময়ে ছয়দানা ভুসিরমিল এলাকায় প্রিটি গার্মেন্টসের সামনে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হন শিরিনা ২। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার গোসিংগা গ্রামের মো. ধলু পেদার মেয়ে। গাজীপুরের ভোগরা বাজার বাইপাস এলাকায় বসবাসকারী এই নারী প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আহত শিরিনা ২ এর স্বামী হাসান গাজী বলেন, ‘বিকেল ৩টার দিকে প্রিটি গার্মেন্টসের সামনে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে এর একটি শেল তাঁর স্ত্রীর পেটের বাম পাশে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ৯টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুই নারী পোশাকশ্রমিককে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের মতে, দুজনেরই আঘাত গুরুতর এবং এর মধ্যে মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত শিরিনার (৪০) অবস্থা বেশি আশঙ্কাজনক।

এমএমআর/এএম