গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা আন্দোলন করছিলেন। এ সময় তাঁদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালান। পরে পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ আসবাবপত্র এবং মামলার নথিপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এআর




