নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরি করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, হরিণ বন্যপ্রাণী। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব অন্য মন্ত্রণালয়ের। এ কারণে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্যক আলোচনা করা প্রয়োজন।
তবে খামারে পালন করা হরিণের বাণিজ্যিক ব্যবহার নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে বন্যপ্রাণী খামারে পালনের অনুমতি রয়েছে। বন্য পরিবেশ থেকে প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক বিষয় নয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে অনেক বন্যপ্রাণী প্রকৃতি থেকে ধরে আনা নিষিদ্ধ হলেও খামারে পালন করে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। আর এই লক্ষ্যে প্রয়োজনীয় আইন তৈরির জন্য কাজ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/এফএ