মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ, ৯৯ পরিবহনে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ, ৯৯ পরিবহনে অগ্নিসংযোগ
নভেম্বরে সারাদেশে ১২১ ককটেল বিস্ফোরণসহ ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ইনসেটে ডা. জাহেদ উর রহমান

চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে মোট ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি করা (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের ঝটিকা মিছিল করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। তাই এসব ঘটনায় মামলা হবে এবং জড়িত ব্যক্তিরা গ্রেফতার হবেন।

পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টিতে। এ ছাড়া পুলিশের স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে একটি এবং গ্রেফতার করা হয়েছে চারজনকে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ঘটনায় পুলিশের কাছে থাকা তথ্যের তুলনায় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সংখ্যা বেশি। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত দলটির চারজন কর্মী নিহত হয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

ডা. জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জে অরাজকতাপূর্ণ বিভিন্ন সহিংস ঘটনাসমূহে সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে।

হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে এ ধরনের তাণ্ডব ধারাবাহিকভাবে চালানো হয়েছে।

এদিকে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ৩০ বছর মেয়াদি এ চুক্তিতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের বিধান রয়েছে। ওই ব্যবস্থার মেয়াদও একই দিনে শেষ হবে।

ব্রিফিংয়ে এ বিষয়ে জাহেদ উর রহমান জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠক আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী এ বিষয়ে ভারতের জনশক্তিমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর