নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
রাজধানীর হাতিরঝিলের রামপুরা ওয়াপদা রোড এলাকায় সানাউল্লাহ নামের এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রামপুরা ওয়াপদা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত গুলিবিদ্ধ সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘হাতিরঝিলের মহানগর প্রজেক্টে ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে, গুলি করেছে কিনা বিষয়টি এখনও আমরা নিশ্চিত না। কারণ, হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসায় তার শরীরে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা বিষয়টি তদন্ত করছি।’
একেএস/এএম