সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইজিবাইক চালক মুন্না হত্যা মামলায় গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

ইজিবাইক চালক মুন্না হত্যা মামলায় গ্রেফতার ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এসব তথ্য জানান।

এসআরবি জানায়, নিহত মুন্না যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ইজিবাইক নিয়ে ভাড়ায় বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

একই দিন দুপুর দেড়টার দিকে মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ি যাওয়ার গলির মাঝামাঝি ওয়াসার পানির খালে একটি মরদেহ পাওয়া যায়। পরে পরনের পোশাক দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মুন্নার বলে শনাক্ত করেন। তার গলা, মুখ ও মাথায় কাটা জখম ছিল। মুখ দিয়ে ফেনাযুক্ত রক্তও বের হচ্ছিল।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে রোববার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসানাবাদসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল। অভিযানে একই রাতে হারুন মিয়া ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর