সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আ.লীগের অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

১৩ দিনে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আ.লীগের অগ্নিসংযোগ
প্রতীকী ছবি: এআই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারাদেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে হত্যা, জুলাইযোদ্ধাদের বাড়িতে হামলা এবং মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতায় আটটি হত্যাকাণ্ড, ছয়জন জুলাইযোদ্ধার বাড়িতে হামলা এবং পাঁচজন মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ১৩ দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের তথ্য তুলে ধরেছে সংস্থাটি।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৯টি মামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে ৬৬ জনকে।

পুলিশ সদর দফতরের তথ্যেও একই সময়ে ককটেল বিস্ফোরণ ও পরিবহনে অগ্নিসংযোগের পরিসংখ্যান উঠে এসেছে। ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এসব ঘটনার পাশাপাশি পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ২৮টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের তিনটি স্থাপনা ও একটি গাড়ি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নভেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানীসহ বিভিন্ন জেলায় বাস, ট্রেন, পুলিশের স্থাপনা, সরকারি কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১০ নভেম্বর দলটির ডাকা দেশব্যাপী কর্মসূচি এবং ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা আরও আলোচনায় আসে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলামও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি কেন্দ্র করে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে বলে জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রাজধানীতে ২৭টি, অক্টোবরে ১৩টি এবং নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) কামরুন মুনীরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বাড়ানো এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর