Dhaka Mail Logo

জাতীয়

মাদক ও ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

মাদক ও ডিভাইসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আউটডোর স্টেডিয়ামে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আনন্দ হাউজিং লি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। শেষ বল পর্যন্ত কে জিতবে, কে হারবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। ভাগ্যের সামান্য ব্যবধানেই ম্যাচের ফল নির্ধারিত হয়েছে। দুই দলই দারুণ খেলেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচটি পেশাদার খেলোয়াড়দের মতোই উপভোগ্য হয়েছে। এজন্য দুই দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে মাঠমুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।

ক্র্যাবের এমন আয়োজনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে ক্র্যাবের পাশে আছি। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।

অনুষ্ঠানে টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ক্রাইম টাইটান্সের মনি আচার্য্য। ম্যান অব দ্য ম্যাচ হন ডমিনেটরস এর প্রধান রাশেদ নিজাম এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং বিশেষ অতিথি ছিলেন আনন্দ হাউজিং এর চেয়ারম্যান গাজী মোহাম্মদ। 

এমআইকে/এফএ