দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।
রোববার (২২ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে কেবল বিনোদন কিংবা অবসর কাটানোর মাধ্যম হিসেবে নয়, বরং সম্মানজনক পেশা ও জীবিকার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের প্রতিফলন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে একজন ক্রীড়াবিদ প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্র ও সমাজের সহযোগিতা পাবেন।
ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসাউন্ডসহ নির্দিষ্ট ডায়াগনস্টিক পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড়ের সুবিধা থাকবে।
একইভাবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড় দেওয়া হবে।
পাশাপাশি লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা বিশেষ ছাড়ে টেলিমেডিসিন সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধা পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে। বিশেষ করে টেলিমেডিসিন সেবার অন্তর্ভুক্তি দেশের ক্রীড়াবিদদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএইচ/এফএ




