একে সালমান
১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। তাঁদের অনেকের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, সহিংসতা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। অথচ রাজধানীর মতো জনবহুল ও গোয়েন্দা নজরদারির আওতায় থাকা শহরে তাঁরা দীর্ঘদিন ধরে কীভাবে আত্মগোপনে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক সাবেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতার গ্রেফতারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে, রাজনৈতিক পটপরিবর্তনের পর এতদিন তাঁদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য ছিল না, নাকি তথ্য থাকার পরও গ্রেফতারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি—এসব প্রশ্ন সামনে আসছে। বাসা পরিবর্তন, পরিচয় গোপন কিংবা নিরাপদ আশ্রয়ে থেকে তাঁরা কীভাবে নিজেদের অবস্থান আড়াল করেছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
তবে পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে সহিংসতা ও নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্লকরেইড ও চিরুনি অভিযান।
একের পর এক গ্রেফতার, নজরদারি নিয়ে প্রশ্ন
পুলিশের দাবি অনুযায়ী, গত কয়েক দিনের সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে এসে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনেই রাজধানী ঢাকায় ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটলেও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।
তিনি দাবি করেন, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মামুন অর রশীদকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলিকে গ্রেফতার করে ডিবি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
শফিকুল ইসলাম আরও বলেন, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন মামুন। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে সেগুলো ঢাকায় নিয়ে আসেন তিনি। পুরো নাশকতা ও বিস্ফোরক সরবরাহের বিষয়টি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন বলে দাবি করেন ডিবি প্রধান।
আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিরা যেভাবে গ্রেফতার
রাজধানীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের মধ্যে সর্বশেষ গ্রেফতার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা-ও যাচাই-বাছাই করা হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। উত্তরার ওই বাড়িটি নুরুল ইসলাম নাহিদের মেয়ের। তিনি কত দিন ধরে সেখানে আত্মগোপনে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
একই দিন বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তাঁর অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি বায়তুল মোকাররমের খতিব পদ হারান।
এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআরবি-১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফারের নেতৃত্বে একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। সেখান থেকে হিরুকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। নজরুল ইসলাম হিরু নরসিংদী সদর আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। পাশাপাশি তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: নরসিংদীর সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার
জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
তবে সাঈদ খোকনের গ্রেফতারের পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তাঁর দীর্ঘদিনের আত্মগোপন এবং বারিধারায় গোপন অবস্থান নিয়ে। প্রায় আড়াই বছর ধরে আত্মগোপনে থাকা সাবেক এই মেয়র কীভাবে রাজধানীর অভিজাত এলাকায় একটি ফ্ল্যাটে অবস্থান করেও গোয়েন্দাদের নজর এড়িয়ে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন, কারা বাসায় আসা-যাওয়া করতেন এবং কীভাবে চলত তাঁর দৈনন্দিন জীবন—এসব বিষয়ও আলোচনায় এসেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেফতারের আগ পর্যন্ত বারিধারার ওই বাড়িতেই অনেকটা গোপনে অবস্থান করছিলেন সাঈদ খোকন। আত্মগোপনে থাকার সময় নিজের চেহারায় পরিবর্তন আনতে চুল ও দাড়ি বড় করেছিলেন তিনি। এমনকি বাড়ির বাইরে বের হওয়া, জানালার কাছে যাওয়া কিংবা অন্যদের চোখে পড়ার মতো যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতেন। পার্সেলের মাধ্যমে খাবার অর্ডার করতেন তিনি। খাবার নিয়ে আসার পর গৃহপরিচারিকাকে দিয়ে টাকা পরিশোধ করা হতো। তবে সাঈদ খোকন কখনো নিচে নামতেন না। বাড়ির দায়িত্বে থাকা দারোয়ানও তাঁকে কখনো নিচে নামতে দেখেননি।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও গ্রেফতার
রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: আ.লীগ নেত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
পুলিশ বাসায় যাওয়ার পর ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। তাঁকে কেন আটক করা হচ্ছে, তা-ও জানেন না। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী কয়েকজন শিল্পীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালের ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।
গোয়েন্দা নজরদারিতে ঘাটতি ছিল?
রাজধানীর মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীরা কীভাবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাঁরা কীভাবে রাজধানীতে অবস্থান করছিলেন, তা নিয়ে আলোচনা চলছে। তবে নজরদারিতে ঘাটতির বিষয়টি মানতে নারাজ পুলিশ।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বিশেষ চিরুনি অভিযান চালানোর কথা জানানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী ঢাকা মেইলকে বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থান শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে। সহিংসতাকারীদের গ্রেফতারে ডিএমপির বিভিন্ন এলাকায় ব্লকরেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১০৩ জন, গুলশান বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউ ৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশি মদ, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একেএস/এআর