বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগ নেত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ এএম

শেয়ার করুন:

আ.লীগ নেত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আটকের আগে তিনি এভাবেই ফেসবুকে লাইভ করেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আটকের আগে নানা কারণে বিতর্কিত এ অভিনেত্রী তার ফেসবুকে লাইভ করেন। এ সময় তাকে অঝোরে কান্নাকাটি করতে দেখা যায়।

জ্যোতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির। 

তিনি জানান, ‘কিছু অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ নামে একটি হোয়াসঅ্যাপ গ্রুপ বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। ওই গ্রুপে কথোপকথনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গরম পানি নিক্ষেপের পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অন্য সদস্যরা সেটি সমর্থন করেছিলেন।  

আজকে আটককৃত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ছিলেন সেই ‘আলো আসবেই’ গ্রুপের একজন অ্যাডমিন। শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি। 

তবে চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জ্যোতিকে শিল্পকলা একাডেমি থেকে অপসারণ করা হয়। এবার হলেন আটক।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর