ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন।’
নাহিদের রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। তিনি ৬ দফা ও ১১ দফার ভিত্তিতে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানসহ সে সময়কার সকল রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হওয়ার পর ২০০৯ সালে নাহিদকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয় তৎকালীন হাসিনার নেতৃত্বাধীন সরকার।
এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও সিলেট-৬ আসন থেকে এমপি হন নাহিদ। তবে চব্বিশের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এএইচ




