Dhaka Mail Logo

জাতীয়

হাদি হত্যার তদন্ত ও বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিন ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সরকার প্রতিশ্রুতি দিয়েছে, যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না। গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে।’

আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যা মামলারও বিচার করা হবে।’

আসাদুজ্জামান বলেন, গত মে মাসে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার ঘটনায় গোটা জাতির হৃদয়ে ক্ষত তৈরি হয়েছিল। গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেন। ঘটনার দিনই পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করে। পরদিন ২০ মে মামলা হয় এবং ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে মৃত্যুদণ্ডের এই মামলার আপিলও স্বল্পতম সময়ে নিষ্পত্তি করা হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা, প্রধান বিচারপতির বিচারিক সক্রিয়তা এবং সংশ্লিষ্ট সবার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এ জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, রামিসার বাবা প্রথমে মামলা করতে চাননি। তার আশঙ্কা ছিল, মামলা করেও বিচার পাবেন না। পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করেছে।

সংসদে বিরোধী দলের সহযোগিতা চেয়ে আইনমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যত বাধাই আসুক, সরকার সেই পথেই এগিয়ে যাবে। ’

এর আগে, বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান আইনজীবী জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটিও সরকার গুরুত্বসহকারে দেখবে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।

এমএইচএইচ/এএম