মেজর সিনহা, বিশ্বজিৎ ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার প্রতিশ্রুতি দিয়েছে, যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না। গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে।
হাদি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার ফাহাদ হত্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির অন্যতম বাস্তবায়ন। রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংসদে বিরোধী দলের সহযোগিতা চেয়ে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যত বাধাই আসুক, সরকার সেই পথেই এগিয়ে যাবে।
এর আগে বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান আইনজীবী রাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটিও সরকার গুরুত্বসহকারে দেখবে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।
এমএইচএইচ/এএইচ




