Dhaka Mail Logo

জাতীয়

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচার চক্রের সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৭ নভেম্বর) রাতে যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার জামাল হোসেনের ছেলে।

সিআইডি সূত্র জানায়, গ্রেফতারকৃত আরাফাত অনলাইন জুয়ার সাইটে নিজের নামে খোলা ব্যাংক হিসাব সরবরাহ করতেন। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করেও জুয়ার অর্থ জমা ও উত্তোলন করা হতো। তদন্তে ছয়টি ব্যাংকের মোট আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

এসব হিসাবের মাধ্যমে জুয়ার অর্থ জমা ও উত্তোলন করে কমিশন হিসেবে একটি অংশ রেখে বাকি অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো। এ ছাড়া নিজের বোনের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেও জুয়ার অর্থ লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

সিআইডির প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। এসব হিসাব ব্যবহার করে অনলাইন বেটিংয়ের অর্থ লেনদেন ও কমিশন আদায়ের পাশাপাশি অর্থ বিদেশে পাচার করা হতো।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে গত ১৭ মে পল্টন থানায় সাইবার আইনে মামলা করে।

মামলাটিতে এর আগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন- মো. সোলায়মান, মো. সাগর মিয়া, মো. জুয়েল রানা, মো. রায়হান খান, মো. পাভেল রহমান ভূঁইয়া, আবু জোবায়ের সানি, মো. জসিম উদ্দীন, সুমন রায়, সৈয়দ জামান, রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী, বাবলু মিয়া, মো. মনির হোসেন ও নূর সাফায়েত ইপ্তি এবং শামীম আল মামুন।

সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার অর্থ লেনদেন, অর্থপাচার এবং এর সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি সবাইকে অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকার পাশাপাশি এ ধরনের কার্যক্রমে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে।

এমআইকে/এএম