মো. মেহেদী হাসান হাসিব
১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এক্ষেত্রে আগামী বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
ইসি সূত্র জানায়, যেকোনো নির্বাচন এলেই ভোটার এলাকা পরিবর্তনের হার অনেক গুণ বেড়ে যায়। এর কারণ হিসেবে বলা যায়, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার উদ্দেশ্যে অনেকে এমনটি করেন। এ ছাড়া সারা বছর ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম চলমান থাকলেও অনেক সময় তা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। আর যেকোনো নির্বাচন এগিয়ে এলেই এ হার বহুগুণ বেড়ে যায়।
ইসি সূত্র জানায়, ৭ বছরে ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৭ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর মধ্যে ২০২০ সালে ১ লাখ ৭২ হাজার ৪৫৪ জন, ২০২১ সালে ৫ লাখ ৬৫ হাজার ৭৪৯ জন, ২০২২ সালে ৭ লাখ ১৭ হাজার ২৯৩ জন, ২০২৩ সালে ৪ লাখ ৬১ হাজার ৬১৯ জন, ২০২৪ সালে ৩ লাখ ৭১ হাজার ১২ জন, ২০২৫ সালে ৭ লাখ ১৪ হাজার ৮৪১ জন এবং সবশেষে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
২০২৫ ও ২০২৬ সালের ভোটার এলাকা পরিবর্তনের হার পর্যালোচনা করে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের বছর ভোটার এলাকা পরিবর্তনের হার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। যেমন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের বছর ২০২৫ সালের জানুয়ারি মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৪৯ হাজার ৯৫৪ জন। ফেব্রুয়ারি মাসে পরিবর্তন করেছেন ৯০ হাজার ৯১৬ জন। মার্চ মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ১ লাখ ৪ হাজার ৭৯১ জন। এরপর এপ্রিল থেকে কয়েক মাস তা কিছুটা কমতে থাকে। এপ্রিল মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৬১ হাজার ৪২৪ জন, মে মাসে ৪৯ হাজার ৬৩৬ জন এবং জুন মাসে ২৮ হাজার ৭২৪ জন। জুলাই মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৫৯ হাজার ৫৩ জন, আগস্ট মাসে ৪৯ হাজার ৬৮২ জন, সেপ্টেম্বরে ৬৮ হাজার ৬০৭ জন, অক্টোবরে ৬৯ হাজার ৫৯৯ জন, নভেম্বরে ৮২ হাজার ৪২৫ জন এবং ডিসেম্বরে ৩০ জন।
আরও পড়ুন: ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর
সূত্র জানায়, অন্যদিকে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে, যা শেষ হবে ২৭ মে। এ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার সময় দেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জানুয়ারি মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৪৯ জন, ফেব্রুয়ারি মাসে ৩৫ জন এবং মার্চ মাসে ৫ হাজার ৬১০ জন। এপ্রিল মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৬৯ হাজার ৯৯৮ জন, মে মাসে ৫১ হাজার ৫৫৭ জন, জুন মাসে ৬৪ হাজার ৯১১ জন। জুলাই মাসে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ১ লাখ ২৮ হাজার ৯০০ জন, আগস্ট মাসে ১ লাখ ২৮ হাজার ৬৯১ জন, সেপ্টেম্বরে ১ লাখ ২৪ হাজার ২৪১ জন, অক্টোবরে ১ লাখ ১১ হাজার ৩৯০ জন এবং নভেম্বরে ১ তারিখ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৯৮৭ জন।
সূত্র জানায়, তুলনা করলে দেখা যায়, নির্বাচনের আগের বছরে ভোটার এলাকা পরিবর্তনের হার কয়েক গুণ বেড়ে যায়। আবার নির্বাচন শেষ হয়ে গেলে তা শূন্যের কোঠায় নেমে আসে। তবে এসব বিষয় বিবেচনায় না নিয়ে আবেদন এলে যাচাই-বাছাই শেষে তা নিষ্পত্তি করা হবে।
সবশেষে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের জন্য যে সময়সূচি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি), তা অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর। পরবর্তীতে তা ১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। দাখিলকৃত আবেদনগুলো ইস্যু করার শেষ তারিখ ছিল ৩ নভেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ছিল ৫ নভেম্বর। বর্তমানে ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কমিশন সিদ্ধান্ত দিলে যেকোনো ভোটার তাঁর এলাকা পরিবর্তন করতে পারবেন।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ঢাকা মেইলকে বলেন, ভোটার এলাকা পরিবর্তনকে নেতিবাচকভাবে নেওয়ার কোনো কারণ নেই। এর একটি বড় কারণ হতে পারে, মানুষ আশাবাদী যে তারা ভোট দিতে পারবে। তাই তারা যেখানে ভোট দিলে তাদের ভোটের প্রভাব বেশি হবে, সেখানেই ভোটার হওয়ার চেষ্টা করছেন হয়তো। এ কারণে নির্বাচনের আগে ভোটার এলাকা পরিবর্তনের হার বৃদ্ধি পায়।
ভোট এলেই ভোটার এলাকা পরিবর্তনের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, এটা স্বাভাবিক। প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে এ সংখ্যা শতাংশের হিসাবে খুবই স্বাভাবিক। তবে কোনো নির্দিষ্ট এলাকা বা ইউনিয়নে ভোটার স্থানান্তর উল্লেখযোগ্যভাবে বেশি হলে তখন সেটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলা যেত। কিন্তু সারা দেশের হিসাবে এ সংখ্যা স্বাভাবিক।
তিনি আরও বলেন, ভোটার স্থানান্তরে মানুষের একটি আগ্রহ আছে। ধরুন, আমি শহরে ছিলাম, এখন চিন্তা করছি গ্রামে ভোট দেব। ভোটার এলাকা পরিবর্তন করা তো মানুষের অধিকার।
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ নভেম্বর। এর আগে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। এসব আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর। এ ক্ষেত্রে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তারা ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন।
সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। আগামী ২৫ নভেম্বর প্রকাশিত তালিকায় এ সংখ্যা আরও কিছুটা বাড়বে।
এমএইচএইচ/এআর