আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে পাঁচ ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। এ ধাপের নির্বাচনী তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করবে ভোট আয়োজনের দায়িত্বে থাকা সাংবিধানিক সংস্থাটি।
ইসি সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ পরিকল্পনা ঘোষণা করেছে কমিশন। সে অনুযায়ী, প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে ১০ ডিসেম্বর। এ ধাপে প্রথমে প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল। তবে অন্যান্য ধাপের তুলনায় প্রথম ধাপের নির্বাচন আয়োজনের জন্য বেশি সময় পাওয়া যাচ্ছে। এ কারণে এ ধাপে ১ হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
সূত্র আরও জানায়, প্রথম ধাপে সব জেলার সদর ও এর নিকটবর্তী উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়নগুলো থাকতে পারে। যেসব জেলায় সদর উপজেলা নেই, যেমন ঢাকা, সেসব জেলার নিকটবর্তী উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদেও নির্বাচন আয়োজন করা হবে।
আরও পড়ুন: জুলাই সনদ ও গণভোট নিয়ে বিরোধ, উত্তপ্ত হতে পারে সংসদ
প্রথম ধাপের তফসিল কবে ঘোষণা করা হতে পারে, জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা মেইলকে বলেন, আমরা তো ভোটের তারিখ ঘোষণা করে দিয়েছি। সে হিসাবে ৪০ থেকে ৪২ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সব জেলাতেই একসঙ্গে নির্বাচন শুরু করার আশা করছেন তারা। সে ক্ষেত্রে সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার সময় পেরিয়ে গেছে বা দীর্ঘদিন ধরে নির্বাচন বকেয়া রয়েছে, সেগুলোও অগ্রাধিকার পাবে। আর তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হয়।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ৪৬ হাজার ৩৯৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তারা ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন।
সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
এমএইচএইচ/এআর




