# সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এসব নাগরিকরা
# এনআইডি লকের সমাধানে আসতে হবে না ঢাকায়
# এনআইডি লক-আনলকে নেই নীতিমালা, সিদ্ধান্ত নেবে কমিশন
# ‘অপরাধীরও নাগরিক অধিকার আছে, এনআইডি লক রেখে অধিকার কেড়ে নেওয়া যাবে না’
# ৩৫ হাজার এনআইডি জটিলতা: সফটওয়্যার ছাড়া বড় পরিসরে সমাধান সম্ভব নয়
#৩৫ হাজার এনআইডি লক: নাগরিক ভোগান্তি স্বীকার, দ্রুত সমাধানের তাগিদ
নাগরিকের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। অথচ নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে নানা জটিলতায় লকড হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি। ফলে সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন জরুরি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা।
দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার প্রশ্নও উঠেছে। পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায় থেকে এনআইডি-সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, আমাদের ডাটাবেজের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সিংহভাগই দুইবার ভোটার হওয়ার কারণে লক করা হয়েছে। এ ছাড়া আদালতের আদেশ, দুদকের মামলা চলমান থাকা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে অনেকের এনআইডি লক করা হয়েছে।
এসব এনআইডি কীভাবে আনলক করা হবে এবং কতদিন ধরে লক রয়েছে, জানতে চাইলে সূত্র জানায়, কতদিন ধরে এনআইডিগুলো লক রয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। কারণ, এ ধরনের এনআইডির সংখ্যা অনেক। তবে যেসব নাগরিক লকড এনআইডি নিয়ে আমাদের এখানে (ঢাকা নির্বাচন ভবন) আসেন, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে দুইবার এনআইডি গ্রহণের ঘটনা সামনে আসে। সে ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দেওয়া হয়।
যারা ঢাকায় আসতে পারছেন না, তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, নাকি ঢাকায় আসতে না পারলে এসব এনআইডি আর কখনোই আনলক হবে না—জানতে চাইলে সূত্র জানায়, এনআইডি লক-সংক্রান্ত সমস্যা সমাধানের দায়িত্ব মাঠপর্যায়ে দেওয়ার পরিকল্পনা করছি। এ ক্ষেত্রে একটি অ্যাপ তৈরি করা হবে। এর মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তারা লকড এনআইডি যাচাই-বাছাই করে আনলক করতে পারবেন। যেহেতু কমিশনের সিদ্ধান্ত রয়েছে, যাদের দুটি এনআইডি রয়েছে, তাদের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দেওয়ার, সেহেতু মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। তবে যারা দ্বিতীয় এনআইডি বহাল রাখতে চাইবেন, তাদের বিষয়টি তদন্ত করে কমিশনে নথি উপস্থাপন করা হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একজন অপরাধীরও নাগরিক অধিকার রয়েছে, এনআইডি লক থাকায় ৩৫ হাজার নাগরিকর সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নাতো-জানতে চাইলে তিনি বলেন, এজন্য তো আমরা সিদ্ধান্ত নিয়েছে যে মাঠ পর্যায়ে এটার সমাধান দেওয়ার। যাতে সবাই তার প্রাপ্য অধিকারটা পায়।
নির্বাচন কমিশন এনআইডি অনুবিভাগে প্রতিদিন সেবা গ্রহণ করতে আসনে অনেক নাগরিক। এদের মধ্যে রাকিব, রহিম ও কাওসার (ছদ্মনাম) এসেছেন এনআইডি আনলক করতে। তাদের সঙ্গে কথা হলে তারা জানান, এনআইডি যে লক হয়ে আছে তারা তা জানতো না। পরবর্তীতে মোবাইল সিম ক্রয় করতে কিংবা ব্যাংক হিসাব খুলতে গিয়ে তারা জানতে পারেন তাদের এনআইডি লক।
রাকিব এসেছেন ঠাকুরগাঁও থেকে। তিনি বলেন, এখানে এসে জানতে পারলাম অন্য একজনের সঙ্গে আমার আঙুলের ছাপ মিলে গেছে। এজন্য এনআইডি লক হয়ে গিয়েছিলো। এখন তারা তা ঠিক করে দিয়েছে।
কাওসার এসেছেন কুমিল্লা থেকে। তিনি বলেন, মোবাইল ব্যাংক হিসাব খুলতে গিয়ে তা খুলতে পারিনি। পরবর্তীতে আমার এলাকার নির্বাচন অফিসে গেলে তারা বলেন এনআইডি লক হয়ে আছে ঢাকায় যেয়ে সমাধান করতে হবে। এখানে আবেদনের কপি জমা দিয়ে এনআইডি আনলক করে নিয়েছি।
তবে ভিন্নচিত্র রহিমের। তিনি দুইবার দুই তথ্য দিয়ে ভোটার হয়েছিলেন। এজন্য তার দুটি এনআইডি লক করে রেখেছিলো ইসি। এখন তিনি আবেদন করে প্রথমটি সচল করে নিয়েছেন। আর নিয়ম অনুযায়ী রহিমে দ্বিতীয় এনআইডিটি বাতিল।
৩৫ হাজার এনআইডি লক: নাগরিক ভোগান্তি স্বীকার, দ্রুত সমাধানের তাগিদ
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব (আইন) ড. মোহাম্মদ শাহজাহান সাজু ঢাকা মেইলেকে বলেন, ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকার কারণে তাঁদের ভোগান্তি হচ্ছে -এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে কী কারণে এনআইডিগুলো লক করা হয়েছে, সেটি আগে জানতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া কারও এনআইডি লক করা হলে স্বাভাবিকভাবেই নাগরিক অধিকার ক্ষুণ্ন হয়।
তিনি বলেন, এনআইডি লক থাকার কারণে একজন নাগরিক জমি কেনাবেচা করতে পারছেন না, পাসপোর্ট নবায়ন করতে পারছেন না, এমনকি প্রয়োজনীয় বিভিন্ন সেবাও নিতে পারছেন না। ফলে তাদের ভোগান্তির বিষয়টি স্বীকার করতেই হবে। তবে এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নাগরিকদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। প্রত্যেকের এনআইডি লক হওয়ার পেছনে আলাদা কোনো সমস্যা থাকতে পারে।
তিনি আরও বলেন, ৩৫ হাজার নাগরিকের সমস্যাকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের ভোগান্তি দ্রুত কমাতে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
‘অপরাধীরও নাগরিক অধিকার আছে, এনআইডি লক রেখে অধিকার কেড়ে নেওয়া যাবে না’
দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকার ঘটনায় নাগরিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা।
মানবাধিকার সংগঠন অধিকার-এর পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান বলেছেন, কোনো নাগরিকের ভুল থাকলেও তার নাগরিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই। এমনকি একজন অপরাধীরও নাগরিক অধিকার রয়েছে। তাই এনআইডি লকের ঘটনাগুলো দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভুক্তভোগীদের অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, একজন অপরাধীরও নাগরিক অধিকার রয়েছে। কারও এনআইডি অন্য কারও তথ্যের সঙ্গে মিলে গেলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধ নয়। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে এবং দ্রুত তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
নাসির উদ্দিন বলেন, আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ দীর্ঘদিন আটকে থাকে। কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখা যায় না। অথচ জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি ব্যবহার করতে না পারলে একজন নাগরিক নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হন। দ্রুত এসব জটিলতা নিরসন করা প্রয়োজন।
৩৫ হাজার এনআইডি জটিলতা: সফটওয়্যার ছাড়া বড় পরিসরে সমাধান সম্ভব নয়
দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে আটকে থাকা ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জটিলতা সফটওয়্যার ছাড়া বড় পরিসরে সমাধান করা সম্ভব হচ্ছে না। এ সমস্যা নিরসনে উপজেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ সফটওয়্যার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সফটওয়্যারটি প্রস্তুত না হওয়া পর্যন্ত বড় পরিসরে এসব জটিলতার সমাধান করা সম্ভব হবে না।
৩৫ হাজার নাগরিকের এনআইডি লকের বিষয়ে জানতে চাইলে-ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ঢাকা মেইলকে বলেন, ওটা লক না। অন্য সঙ্গে মিলে যাওয়ার কারণে এমনটি হয়েছে। এনআইডি লক হওয়ার কারণে নাগরিকরা যেসব সমস্যায় পড়ছেন, তা সমাধানে উপজেলা পর্যায়ে সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সফটওয়্যার তৈরির কাজ চলছে। সফটওয়্যারটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
কতদিন পর্যন্ত এসব নাগরিকের এনআইডি লক রাখা হবে জানতে চাইলে তিনি বলেন, যতদিন না সফটওয়্যারটি প্রস্তুত হয়।
এসব নাগরিকরা তো নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কিনা- জানতে চাইলে ইসি সচিব বলেন,না কেন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে। এরমধ্যে ডুপ্লিকেট ভোটার রয়েছে, ম্যাচফাউন্ড আছে, আমাদের কাছে যারা জানাচ্ছে তাদের টা আমরা করে দিচ্ছি। আর একবারে বড় পরিসরে করতে গেলে আমাকে এটা সফটওয়্যারে করতে হবে। আর সফটওয়্যার তৈরির কাজটা চলছে।
এনআইডি লক ও আনলকের বিষয়ে নির্দিষ্ট কোনো নীতিমালা ইসির নাই, ভবিষ্যতে কোনো নীতিমালা করার পরিকল্পনা আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে পারছি না। বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশন যদি মনে করে, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোনো ব্যক্তির এনআইডি কেন লক করতে হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কারণে এনআইডি লক হতে পারে। সেই কারণগুলো যদি কাঠামোবদ্ধভাবে নির্ধারণ করা যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়, তাহলে বিদ্যমান পদ্ধতিতেই ব্যবস্থা নেওয়া হবে।
এনআইডি লক করার ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বিবেচনার জন্য কমিশনে উপস্থাপন করা হবে।
কি কি কারণে এনআইডি লক করে রাখা হয় জানতে চাইলে ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আদালতের আদেশ, দুইবার ভোটার হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দুটি এনআইডি লক করে দেয়- এটা আমরা বলি ডুপ্লিকেট ভোটার। আবার অন্য সঙ্গে বায়োমেট্রিক মিলে গেলেও এনআইডি লক হয়ে থাকে। এটাকে আমরা মিসম্যাচ। এছাড়া কমিশন সিদ্ধান্ত অনুযায়ীও এনআইডি লক করে রাখা হয়।
এমএইচএইচ/এআরএম




