Dhaka Mail Logo

জাতীয়

পদত্যাগপত্রে যা বললেন ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্রে বলেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন তিনি। গত রোববার (১৫ নভেম্বর) তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ওসমান ফারুক বলেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতোমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। সেই সঙ্গে দায়িত্ব পালনকালে আপনার আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদের শুরুতে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে অবিহিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় তিনি সংসদকে বলেন, ‘সদস্যবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

এমএইচএইচ/এফএ