মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
ড. মুহাম্মদ ওসমান ফারুক। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার আসনটি শূন্য ঘোষণা করেন। একই দিন ঢাকা মেইলকে উপনির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।

স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচনের প্রভাব পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, প্রভাব পড়বে না। এমন হতে পারে, ওই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নাও করতে পারি। আবার দুটি নির্বাচন একসঙ্গে করা যাবে কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হবে।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি। এ বিষয়ে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।

এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন তিনি।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর