Dhaka Mail Logo

জাতীয়

মিরপুরের দক্ষিণ বিশিল স্কুলসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যা নিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে। ২০২৪ এ গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নামে কিছু সুবিধাভোগী লোক প্রতিষ্ঠানটি জবরদখল, মার্কেটের অর্থ আত্মসাৎ করে আসছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

ক্র্যাব মিলনায়তনে মিরপুরের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যা নিকেতনের সদস্যদের সংবাদ সম্মেলন।
ক্র্যাব মিলনায়তনে মিরপুরের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যা নিকেতনের সদস্যদের সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠানটি শুরু থেকে বিনা বেতনে শিক্ষাদান ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। শুরুতে সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। পরে ২০০২ সালে তার মৃত্যুর পর তার স্ত্রী রুনু আক্তারকে সভাপতি হন। তিনিও বিএনপির সাবেক দুইবারের কমিশনার।

২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। কিন্তু ওই বছরের ২৩ আগস্ট বিদ্যালয় চলাকালে একদল সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিষ্ঠানে ঢুকে নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন।

পরে তারা বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে জোরপূর্বক সবাইকে বের করে দেন। সেই ঘটনায় অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ বেশ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের উপরে হামলা, মারধর, গালাগাল এবং ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করা হয়।

আনোয়ারা খাতুন বলেন, এ ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় আসমা আক্তার পপিকে এবং শিক্ষা সম্পাদক করা হয় আসাদ কামাল পিটার নামে এক ব্যক্তিকে। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্যই ছিলেন না। এছাড়া নতুন কমিটিতে অনেকের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এসময় অভিযোগ করা হয় দখলকারী ব্যক্তিরা প্রতিষ্ঠানটির মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়ার টাকা আদায় করে আত্মসাৎ করছে। এছাড়া স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তারা।

সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি রুনু আক্তার বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করে অর্থ আত্মসাৎ করছে। সদস্যদের হুমকি-ধমকি দিচ্ছেন। তাই এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি পূর্বের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, তারা এসব ঘটনায় দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশের কোনো সহযোগিতা পাননি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সাবেক সদস্য আনোয়ার হোসেন, লিয়কত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবল হোসেন, সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী সদস্যদের ব্যানারে দখল করা বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি ঢাকা মেইলকে বলেন, ‘সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে সবগুলো ভিত্তিহীন।

‘প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার হাজব্যান্ড কামাল হোসেন বরকত। আমার স্বামী এক সময় দায়িত্ব পালন করেছে। ২০০২ সালে তারা জোর করে প্রতিষ্ঠানটির দখল নেয় এবং গত ১৭ বছর রুনু আক্তার আওয়ামী লীগের লোকজনকে ম্যানেজ করে প্রতিষ্ঠানটি চালিয়েছে তারা কোটি কোটি টাকা লোপাট করেছে। যা প্রতিষ্ঠানের কোনো উন্নতি করেনি। আমরা কোনো বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে দখল করিনি এসব অভিযোগ মিথ্যা।’

এমআইকে/এএম