রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিয়োগের দাবিতে প্রেসক্লাবে ১-১২তম নিবন্ধনধারীদের মিছিল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

নিয়োগের দাবিতে প্রেসক্লাবে ১-১২তম নিবন্ধনধারীদের মিছিল 
ছবি: সংগৃহীত

নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীরা। 

একই কর্মসূচি থেকে দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানের বিচারের দাবিও জানিয়েছেন তারা।

রোববার (১৫ নভেম্বর) নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেওয়া শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন। 

একপর্যায়ে তারা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি সামনের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানের বিচারের দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীরা। সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি তুলে ধরেন। 

এর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি বাস্তবায়ন, ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত কার্যকর এবং ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সিদ্দিকুর রহমান খানের দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও তার বিচারের দাবি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর ফেসবুক লাইভে এসে দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদ জানাতেই তারা বিচারের দাবি তুলেছেন।

protest

গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন এবং ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। পরে এসব নিবন্ধনধারীকে সরকারের নির্বাহী আদেশে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর