১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছেন তারা।
রোববার (১৫ নভেম্বর) শাহবাগে এ কর্মসূচি পালন করেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা।
আন্দোলনকারীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুযায়ী শূন্যপদের বিপরীতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে, ১৭তম শিক্ষক নিবন্ধনসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। কিন্তু ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে ৯ হাজার ৮৪২ জন এখনও নিয়োগের সুপারিশ পাননি।
প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের প্রতিযোগিতামূলক পরীক্ষা পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। অথচ ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে বলে দাবি তাদের।
দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় থাকায় সামাজিক ও ব্যক্তিজীবনেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। তারা বলেন, পরীক্ষার সব ধাপ সফলভাবে শেষ করার পরও নিয়োগ না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।
দাবি আদায়ে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের কথা জানান তারা। এর ধারাবাহিকতায় গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ও রাত্রিযাপন করেন প্রার্থীরা। ওই সময় এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। প্রার্থীদের বক্তব্য শোনার পর মন্ত্রী দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং তাৎক্ষণিকভাবে মুঠোফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানান আন্দোলনকারীরা।
তারা আরও জানান, গত ৮ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী তৎকালীন এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর মাধ্যমে তাদের নিয়োগের বিষয়ে নির্দেশনা দেন। ওই সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের জন্য পদ সংরক্ষণের ঘোষণাও দেন। তবে পরবর্তী সময়ে গণমাধ্যমে কলেজ পর্যায়ে মাত্র ৭৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্তের কথা জানতে পারেন তারা। এতে নিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
এরপর ৯ হাজার ৮৪২ জনকে একসঙ্গে নিয়োগ এবং সুপারিশবঞ্চিতদের অনুপাতে বিষয়ভিত্তিক শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ও এনটিআরসিএর বর্তমান চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন প্রার্থীরা। সে সময় পদ সংরক্ষণের পরিবর্তে শিক্ষক বদলি কার্যক্রম শেষ হওয়ার পর তাদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয় বলে জানান তারা।
সর্বশেষ গত ১১ আগস্ট এক সেমিনারে শিক্ষামন্ত্রী শিক্ষক বদলির পর ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর নিয়োগের বিষয়টি তুলে ধরেন। তবে এনটিআরসিএর পক্ষ থেকে প্রার্থীদের জানানো হয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত আদেশ না থাকায় নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে একাধিকবার আশ্বাস পাওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবিগুলো হলো- ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ অথচ সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জনের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা; সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের আওতায় আনা।
এমএইচ/এএম




