জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয়। এ বিষয়ে তিনি জামায়াত আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অভিযোগটি মিথ্যা হলে তার বিরুদ্ধে মামলা করা হোক। একই সঙ্গে বিষয়টি তদন্তে জামায়াতকে দলীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ আহবান জানান রাশেদ খাঁন।
তিনি বলেন, জামায়াত আমির সংসদে ৩৫০ জন সংসদ সদস্যকে সাক্ষী রেখে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু তার কাছে এ-সংক্রান্ত তথ্য রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হলে তিনি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। অনুসন্ধানী সাংবাদিকদেরও তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্য দেওয়ার সময় জামায়াত ও এনসিপির কয়েকজন সংসদ সদস্যের আচরণের সমালোচনা করে রাশেদ খান বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন মন্ত্রীর বক্তব্য বাধাগ্রস্ত করা এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সংসদীয় সংস্কৃতির পরিপন্থী।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তারপরও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি যথেষ্ট সহনশীলতা দেখানো হচ্ছে। বিএনপির সংসদ সদস্যরা চাইলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারতেন, কিন্তু তারা তা করেননি। এ ঘটনাকে বিএনপির রাজনৈতিক সহনশীলতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল। সেখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে এসব ক্ষেত্রে কী অর্জন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন এলাকায় উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হয়েছে। কুমিল্লার দুটি উপজেলায় উন্নয়ন বরাদ্দ কেন্দ্রীভূত হওয়ার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ, চাঁদাবাজি, লুটপাট ও মব সন্ত্রাসের অভিযোগ তুলে ধরেন।
বিরোধী দলকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেটি পুনর্গঠনের দায়িত্ব শুধু সরকারি দলের নয়; বিরোধী দলেরও সমান দায়িত্ব রয়েছে। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে এবং জামায়াত ও এনসিপি বিরোধী দলের অবস্থানে রয়েছে। তাই সংসদ ও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অর্জন কোনো একটি দলের একক সম্পত্তি নয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সবাই কোনো না কোনোভাবে এর সুফল ভোগ করছে। তাই পারস্পরিক সংঘাত, অসহিষ্ণুতা ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগের কিছু ব্যক্তি সহিংসতার পথ বেছে নিচ্ছে, অন্যদিকে, জামায়াত ও এনসিপি সেই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। এভাবে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি এবং ঝিনাইদহের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঝিনাইদহ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ঝিনাইদহের ওপর দিয়ে রেললাইন নির্মাণ। এ দাবিগুলো বাস্তবায়নে আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ কাজ করছেন এবং তারাও সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী ঝিনাইদহবাসীর এ দাবিগুলো পূরণে উদ্যোগ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমআইকে/এসআই