শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডিসেম্বরের অপেক্ষায় আছেন কোন কর্মকর্তা, জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

ডিসেম্বরের অপেক্ষায় আছেন কোন কর্মকর্তা, জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে প্রশাসনের ভেতরেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বর্তমান প্রশাসনের কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বর মাসের অপেক্ষায় আছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

সভায় প্রশাসনিক কাজে গতি বাড়ানো, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব দ্রুত নিষ্পত্তি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক আন্দোলন নিয়েও কথা বলেন সচিবরা।

এ সময় ডিসেম্বরের জন্য কেউ অপেক্ষা করছেন কি না, সেই প্রশ্ন তোলেন মন্ত্রিপরিষদ সচিব।  প্রশাসনের কোনো পর্যায়ে ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমিয়ে রাখা হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা হয় বলে সভায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে।

সভায় মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত সচিবদের কাছে জানতে চান তাদের কয়জনের দাদা সরকারি চাকরি করেছিলেন।  এ সময় তিনজন হাত তুললে সচিব বলেন, দেশ স্বাধীন না হলে তাদের সরকারি চাকরি না করে ক্ষেতখামারে কাজ করতে হতো।  এ সময় তিনি জানতে চান হক কত প্রকার।  তখন একজন সচিব উত্তর দেন দুই প্রকার।  এর জবাবে মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন করেন, সরকারি চাকরি কার মধ্য পড়ে। উত্তরে ওই সচিব বলেন হাক্কুল ইবাদ।  নাসিমুল গণি বলেন, সরকারি চাকরি হাক্কুল ইবাদত হওয়ায় তা পুরো দেশের মানুষের সঙ্গে জড়িত। এজন্য তিনি সবাইকে সঠিকভাবে মনোযোগ দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার বিষয়টি রাজনৈতিকভাবেই সরকারের বিবেচনায় থাকবে উল্লেখ করে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে সরকার। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং ইতিমধ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে।

ওই সচিব আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার মাধ্যমে সরকারের কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরে তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে দিনের কর্মসূচি শুরু হওয়ার পর নোটিশ দিয়ে দুপুরে জরুরি এ সভা আহ্বান করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দার সভার নোটিশ পাঠান।  নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবরা উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার আলোচনা

আগামী ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা নিজেই জানানোর পর বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মুখে ভারতে চলে যান তিনি। পরে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে মৃত্যুদণ্ড দেন।

চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তার এ বক্তব্যের পর থেকেই বিষয়টি রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গত ৯ নভেম্বর শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন বলে জানা গেছে। এর পর ডিসেম্বরে তার দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে? আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে। আবেদনটি যথাযথভাবে জমা দেওয়া হয়েছে কি না এবং আইনগতভাবে শেখ হাসিনার আবেদন করার সুযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর