Dhaka Mail Logo

জাতীয়

মানুষের অসচেতনতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব, বাকি ৫০ শতাংশ দায়িত্ব জনগণের। দুই পক্ষ নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু একটি বড় সমস্যা। এ রোগে মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। শুধু সিটি করপোরেশনের প্রচার-প্রচারণার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদেরও এ কাজে এগিয়ে আসতে হবে। মানুষের অসচেতনতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই সচেতন হওয়ার পাশাপাশি প্রত্যেককে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিজের দায়িত্ব গ্রহণের পর ডেঙ্গু প্রতিরোধে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত মার্চ মাসে প্রথম জরিপ করা হয়। জরিপে যেসব ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি পাওয়া গিয়েছিল, সেখানে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। নিয়মিত কার্যক্রম পরিচালনার ফলে অক্টোবরে করা পরবর্তী জরিপে দেখা গেছে, আগের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোর অবস্থার উন্নতি হয়েছে। তবে নতুন কিছু ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি দেখা দিয়েছে।

তিনি বলেন, জরিপে সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে বাড়িঘরে লার্ভার উপস্থিতি নিয়ে। জরিপ করা ৬০ থেকে ৭০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বাড়ির মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সচেতন হলে এসব জায়গা থেকেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্মানোর বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে প্রশাসক বলেন, যারা বড় বড় ভবন নির্মাণ করছেন, তাদের ভবনের নিচে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে বলতে হয়, তারা সেখানে ডেঙ্গুর চাষ করছেন। ধানমন্ডির মতো অভিজাত এলাকাতেও ডেঙ্গুর ঝুঁকি রয়েছে। সমাজের উচ্চবিত্ত ও শিক্ষিত শ্রেণির মানুষকেও এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

জনসচেতনতা তৈরিতে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদে মসজিদে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। তবে এসব উদ্যোগ তখনই কার্যকর হবে, যখন নাগরিকেরা নিজেরা দায়িত্ব নিয়ে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখবেন।

ডেঙ্গুর মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্মায় উল্লেখ করে আবদুস সালাম বলেন, বাড়ির ছাদ, ফ্রিজের নিচে জমে থাকা পানি এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) পানি জমার জায়গাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। শুধু নিজের ঘর পরিষ্কার রাখলেই হবে না, উঠান, রাস্তা ও পুরো শহরের পরিচ্ছন্নতা রক্ষায়ও নাগরিকদের দায়িত্ব নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক কারণে ঢাকা শহরকে দুটি সিটি করপোরেশনে বিভক্ত করা হয়েছে। একসময় ঢাকা শহরের দক্ষিণ অংশই ছিল আদি ঢাকা। এখানকার রাজস্ব দিয়েই উত্তরের উন্নয়ন হয়েছে। কিন্তু উত্তরাঞ্চল উন্নত হওয়ার পর সেখানকার রাজস্বের অংশ দক্ষিণ সিটি করপোরেশন পাচ্ছে না। এটি দক্ষিণের প্রতি একধরনের বৈষম্য। তবে সীমাবদ্ধতার মধ্যেও আদি ঢাকার ঐতিহ্য ও গৌরব ধরে রেখে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী তাকে ডেঙ্গুর প্রভাব মোকাবিলায় আগাম পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ঢাকা শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ করতে চান। সরকারপ্রধান কোনো বিষয়ে আন্তরিক হলে সেখানে পরিবর্তন আনা সম্ভব।

জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আর্থিক সংকটের কারণে সংগঠনটি প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করতে পারছে না বলে তাকে জানানো হয়েছে। বিভিন্ন এনজিও যেমন বিদেশি উৎস থেকে অর্থসহায়তা সংগ্রহ করে, তেমনি এ সংগঠনও উদ্যোগ নিতে পারে। জনসচেতনতামূলক ও গণসংযোগমূলক কর্মসূচি আয়োজন করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের পাশে থাকবে এবং অংশীদার হিসেবে কাজ করবে।

ঢাকা শহরের সামগ্রিক উন্নয়নে একটি সমন্বিত মাস্টারপ্ল্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে আবদুস সালাম বলেন, পরিকল্পনা ছাড়া এভাবে ঢাকা শহর চলতে পারে না। শহরকে সচল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। শুধু সরকার বা সিটি করপোরেশনের পক্ষে এ শহরের পরিবর্তন আনা সম্ভব নয়। সিটি করপোরেশনের সমালোচনার পাশাপাশি নাগরিকদের নিজেদের দায়িত্ব পালনের বিষয়েও সচেতন হতে হবে।

দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে ঢাকা শহরের পরিচ্ছন্নতায় কিছুটা পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, আগে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কিছুটা কমেছে। তার হিসাবে, এ ক্ষেত্রে ৫ থেকে ১০ শতাংশ উন্নতি হয়েছে। এ অগ্রগতি আরও বাড়ানো গেলে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও বায়ুদূষণে ঢাকা বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় থাকুক, তা কেউই চায় না। এ অবস্থা পরিবর্তনে সরকার, সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এতে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।

এম/এসআই