বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
বক্তব্য দেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক

মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ৫৬৮ কর্মীর চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই দেশটিতে কর্মী পাঠাতে প্রস্তুত সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাশেদুল হক বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে এক-দুই দিন দেরি হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চাইছি, ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।’

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন শুরু হয়েছে।

 মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

তিনি জানান, সমান সুযোগ ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন কর্মী নির্বাচন করা হয়। দুটি পদে তাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলের সদস্যরা আজ ১২ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবেন।

রাশেদুল হক বলেন, বাছাইপ্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাদের নির্বাচন করবেন, তারাই চূড়ান্ত বলে গণ্য হবেন।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর