Dhaka Mail Logo

জাতীয়

বেনজীরের প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়নি, চেষ্টা অব্যাহত: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যর্পণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে সরকারের কোনো নিষ্ক্রিয়তা নেই।’

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া ও এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে গৃহীত প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এর পরিপ্রেক্ষিতে সংসদকে অবহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উপযুক্ত আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য-নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।’

তিনি বলেন, ‘২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি (সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন ৩৯/২০০৬-এর ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়।

‘তবে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, ১৬ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ সরকার। একই দিনে তথ্য ও সমন্বয়ের জন্য অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও পাঠানো হয়।’

আরও পড়ুন:

সরকারি উন্নয়নকাজ নিয়ে সংসদে ডেপুটি স্পিকারের ক্ষোভ

কয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নয়: সালাহউদ্দিন

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে বিশেষ পরিকল্পনা

ট্রলিং জালে ৩০-৪০% মাছের উৎপাদন হ্রাস, কঠোর আইনের হুঁশিয়ারি মন্ত্রীর

হয়রানিমূলক প্রমাণিত হলে মামলা প্রত্যাহারে ব্যবস্থা: আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তির হেফাজতসংক্রান্ত অবস্থা বা অনুরোধ গ্রহণকারী দেশের বিচারিক কর্তৃপক্ষের নিজস্ব আইনে নেওয়া কোনো সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।’

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের জন্য প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কোনো ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে আইনগত ও বিচারিক বিভিন্ন ধাপ অতিক্রমের প্রয়োজন হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।’

এমএইচএইচ/এএম