সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ক্ষতিকর ট্রলিং জালের ব্যবহার বন্ধে জাতীয় সংসদে কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ ধরনের জাল তৈরি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে নতুন আইনে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে চিফ হুইপের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্বে করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রশ্নে চিফ হুইপ বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মোহনা থেকে কক্সবাজার হয়ে সাতক্ষীরা পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে ট্রলিং করা হচ্ছে। স্পিডবোটের মাধ্যমে বিশেষ ধরনের জাল সাগরে টেনে নেওয়া হয়। এতে বড় মাছের পাশাপাশি মাছের রেণু, পোনা ও ডিমও ধ্বংস হচ্ছে। ক্ষতিকর এই পদ্ধতি বন্ধে আমলাতান্ত্রিক পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উপকূলীয় অঞ্চলে এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে।
জবাবে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ট্রলিং জালের ব্যবহার বন্ধ করার বিকল্প নেই। এ ধরনের জাল ব্যবহারের কারণে সামুদ্রিক অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে। জাল সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নেওয়ার সময় ছোট মাছ ও পোনা মারা যাচ্ছে।’
তিনি বলেন, ‘অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান ও পুলিশি তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। তবে স্থায়ীভাবে এই ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘খুব শিগগিরই জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাসের পদক্ষেপ নেওয়া হবে। নতুন আইনে ট্রলিং জাল তৈরি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা রাখা হবে।’
এমএইচএইচ/এএম




