দেশের সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতরগুলোতে পাঁচ লাখের বেশি পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। ওই সময় জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে উপস্থাপিত তথ্যে জানানো হয়, গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত 'স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫' প্রতিবেদন অনুযায়ী মোট অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। তবে এসব পদের বিপরীতে বর্তমানে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। বিপুলসংখ্যক শূন্যপদ পূরণকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন
আ.লীগ আমলে হত্যা-গুম-নির্যাতনে ১৮৮৩ মামলা, সংসদে আইনমন্ত্রী
চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
প্রতিমন্ত্রী লিখিত জবাবে আরও উল্লেখ করেন, সরকারের প্রণীত কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সম্পন্ন করা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদে লোকবল সংক্রান্ত আপডেট তথ্য পাঠানোর তাগিদ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
একই সঙ্গে খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে লোকবল নিশ্চিত করার জন্য সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়েছে সকল মন্ত্রণালয় ও বিভাগকে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগে এই সংক্রান্ত নিয়োগ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এমএইচএইচ/জেবি




