জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে বিপ্লব হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে লালবাগের লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। আজ সোমবার বিকেল বিষয়টি নিশ্চিত করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেফতার দুই আসামি হলেন- মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।
লালবাগ থানা সূত্র জানায়, গত ১ নভেম্বর দুপুরে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি লাগে। এসময় পূর্ব শক্রতার জেরে বিপ্লব হোসেনকে ধারাল ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার আসামি মাইনু ও আল-আমিন। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এসআই