সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীকে হত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশের ধারণা, ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে রোববার রাত পৌনে ১১টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেটের মেরাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের ৯/এফ ফ্লোরের একটি বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের স্বামী আমিনুর রহমান গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের চাচা মো. সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুর রহমানের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল।

তিনি বলেন, সানজিদা পাবনার এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো ভবিষ্যতের আশায় প্রায় ৭-৮ মাস আগে ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর স্বামী-স্ত্রী উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা ১০ তলা ভবনের ৯/এফ ফ্লোরের একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহত সানজিদা পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে। তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর