Dhaka Mail Logo

জাতীয়

পল্টন মোড়ে ১২ দফা দাবিতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

রাজধানীতে নির্বিঘ্নে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোসহ ১২ দফা দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পুরানা পল্টন মোড় অবরোধ করেন শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানেই তারা সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। 

জানা গেছে, তাদের ১২ দফা দাবিতে ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখেন তারা। এতে সকালে অফিসগামী লোকজন ভোগান্তিতে পড়েন। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে পায়ে চালিত রিকশার চালকরা যাত্রীদের লুফে নিয়েছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা কম দেখা গেছে। তবে পায়ে চালিত রিকশা চালকদের যাত্রী তুলতে বাধাও দিতে দেখা গেছে।

ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা জানান, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা। 

ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান; সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা; পাশাপাশি নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে অন্তত দুই বছর সময় দেওয়ার আহ্বান জানান তারা।

সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

১২ দফা দাবির মধ্যে আরও রয়েছে সড়কে লেন পদ্ধতি চালু, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের জন্য পৃথক স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণ। একই সঙ্গে ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত সব রিট ও ফৌজদারি মামলা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

এ ছাড়া সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণ, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ বিল, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমানোর দাবি জানান তারা।

এমআইকে/এফএ