দেশের পোশাক শিল্পে সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে আগামী ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, পরবর্তী সভার আগে শ্রমঘন শিল্প এলাকার সকল কারখানা পরিদর্শন করবে মজুরি বোর্ড।
জানা যায়, বৈঠকে বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিত আকারে তুলে ধরে শ্রমিকপক্ষ।
এর আগে, গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। আর শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে।
এদিকে, মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববারও (৮ নভেম্বর) এ দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশি কিছুদিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। আন্দোলনের ফলে কারখানাও বন্ধ রাখতে বাধ্য হয় মলিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিক পক্ষের প্রতিনিধি হলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এ ছাড়া শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।




