জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে দীর্ঘসূত্রিতা কমিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এনআইডি সংশোধনের আপিলগুলো আগের মতো বড় ফাইলে উপস্থাপন না করে এখন একটি পৃষ্ঠায় উপস্থাপন করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক যেসব সংশোধন আবেদন বাতিল করেন, সে আবেদনগুলোর সংশোধনের প্রয়োজন হলে তা সিনিয়র সচিব বরাবর আপিল আবেদন করতে হয়। এটি আগে মোটা ফাইলে উপস্থাপন করা হতো। কিন্তু আপিল আবেদন দ্রুত নিষ্পত্তি করতে মোটা ফাইল বাদ দিয়ে এক পৃষ্টার একটি ছক করা হয়েছে, যেখানে আমরা সংশ্লিষ্ট ব্যক্তির সকল আবেদনের তথ্য তুলে ধরি। এরপর সিনিয়র সচিব তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘আপিল আবেদনে সাধারণত অনেক সময় প্রয়োজন। এজন্য তা দ্রুত নিষ্পত্তিতে বড় নথির পরিবর্তে আমরা একটা ছক তৈরি করেছি, যাতে এসব আপিল আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়।’
জানা গেছে, এখন পর্যন্ত সাধারণ ক্যাটাগরিতে ৬৫ লাখের বেশি আবেদনের মধ্যে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি করেছে ইসি। আপিল আবেদন রয়েছে প্রায় ৬ হাজার, তাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এনআইডি সংশোধনের জন্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, ক, ক-১, খ, খ-১, গ ও ঘ;- এই ছয় ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে ইসি। এক্ষেত্রে আবেদনের জটিলতা অনুযায়ী ‘ক’ থেকে ‘ঘ’ পর্যন্ত ক্যাটাগরি নির্ধারিত হয়। আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এমএইচএইচ/এএইচ




