মাহফুজুর রহমান
০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ এএম
রাজধানীর নিউ মার্কেটের পাশের ফুটপাত এখন অনেকটাই ফাঁকা। যেখানে প্রতিদিন শত শত হকার পসরা সাজিয়ে বসতেন, সেখানে এখন নেই সেই চেনা ব্যস্ততা। উচ্ছেদ অভিযানে দোকানপাট সরিয়ে নেওয়ার পর বদলে গেছে পুরো এলাকার চিত্র। তবে সড়কের বিপরীত পাশে গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাত ও আশপাশের এলাকায় এখনো ব্যবসা করছেন হকাররা। কিন্তু তাদের চোখেমুখে স্বস্তি নেই। দোকান খুলছেন ঠিকই, তবে কখন উচ্ছেদের অভিযান শুরু হয়, সেই আশঙ্কা নিয়েই কাটছে প্রতিটি দিন। তাদের কাছে প্রতিদিনের ব্যবসা এখন শুধু আয়-রোজগারের বিষয় নয়, একই সঙ্গে অনিশ্চয়তার সঙ্গে লড়াই।
সরেজমিনে নিউ মার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
নিউ মার্কেটের পাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়ার পর জায়গাটি অনেকটাই পরিচ্ছন্ন ও ফাঁকা দেখা যাচ্ছে। পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে ফুটপাতের বড় একটি অংশ। কিন্তু এই পরিবর্তনের বিপরীতে জীবিকার জায়গা হারিয়েছেন সেখানে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা। কেউ মালামাল সরিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন, কেউ পরিচিতজনের দোকানে পণ্য রাখছেন, আবার কেউ নতুন জায়গা খুঁজছেন। তাদের অনেকের কাছেই ব্যবসার নির্দিষ্ট কোনো বিকল্প জায়গা নেই।

এই উচ্ছেদের প্রভাব এখন গাউছিয়া এলাকার হকারদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। নিউ মার্কেটের বিপরীত পাশের ফুটপাত ও সড়কসংলগ্ন এলাকায় যারা ব্যবসা করছেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। কখন অভিযান হবে, কতক্ষণ দোকান খোলা রাখা যাবে, মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় পাওয়া যাবে কি না এসব চিন্তা নিয়েই চলছে তাদের দিনকাল।
গাউছিয়ার হকার আহমদ বলেন, ‘নিউ মার্কেটের পাশ থেকে যেভাবে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আমাদেরও ভয় হচ্ছে। আজ এখানে দোকান খুলেছি, কাল খুলতে পারব কি না জানি না। আমাদের তো বড় কোনো ব্যবসা নেই। অল্প কিছু টাকা দিয়ে মালামাল কিনে বসি। প্রতিদিন যা বিক্রি হয়, তা দিয়েই সংসার চালাতে হয়। দোকান বন্ধ হয়ে গেলে আমাদের আয়ের আর কোনো পথ থাকে না।’
এই অনিশ্চয়তার সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রতিদিনের আর্থিক হিসাব। বেশির ভাগ হকারের ব্যবসা চলে সীমিত পুঁজিতে। কেউ নিজের জমানো টাকা দিয়ে পণ্য কেনেন, কেউ ধারদেনা করে মালামাল তোলেন। দোকানের জায়গা, পণ্য পরিবহন, খাবার ও অন্যান্য খরচ বাদ দিয়ে দিন শেষে যা থাকে, সেটিই তাদের পরিবারের আয়ের প্রধান উৎস। অনেকের আবার ব্যবসায়িক পুঁজির বাইরে আলাদা কোনো সঞ্চয় নেই। ফলে এক দিন দোকান বন্ধ থাকাও তাদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করে।
হকার সবুজ উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসায় লাভ খুব বেশি থাকে না। সারাদিন বসে থেকে বিক্রি করতে হয়। কখনো ভালো বিক্রি হয়, কখনো হয় না। মালামাল কেনার জন্য টাকা লাগবে, আবার সংসারের খরচও আছে। এর মধ্যে যদি উচ্ছেদ করে দেয়, তাহলে পুঁজি নিয়ে বিপদে পড়ব। নতুন করে কোথাও বসতে গেলেও টাকা লাগবে। আমাদের মতো ছোট ব্যবসায়ীদের পক্ষে বারবার জায়গা পরিবর্তন করা সম্ভব নয়।’

তবে ফুটপাতের এই ব্যবসাকে শুধু কয়েকজন মানুষের দোকান বা ব্যক্তিগত আয়ের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি বিস্তৃত সরবরাহব্যবস্থা। পাইকারি বাজার থেকে পণ্য কেনা, পরিবহন, পণ্য ওঠানো-নামানো, খুচরা বিক্রি প্রতিটি ধাপে কাজ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হকারদের দোকান সচল থাকলে পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও অন্যান্য কর্মজীবী মানুষেরও কাজ থাকে। ফলে একটি দোকান উচ্ছেদের প্রভাব শুধু সেই দোকানির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডেও।
গাউছিয়ার আরেক হকার রিজন ইসলাম বলেন, ‘আমরা নিজেরা মালামাল কিনে এনে বিক্রি করি। আমাদের কাছ থেকে যারা মাল কেনেন, তাদেরও ব্যবসা আছে। আবার আমরা পাইকারি বাজার থেকে মাল কিনি। এভাবে অনেক মানুষ জড়িত। আমাদের দোকান বন্ধ হলে শুধু আমাদের ক্ষতি হবে না, যাদের কাছ থেকে মাল কিনি, তাদের বিক্রিও কমবে। আমরা ছোট ব্যবসা করি বলে আমাদের ব্যবসার মূল্য কম নয়।’
ফুটপাতের এই বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ক্রেতাগোষ্ঠী। বড় বিপণিবিতান কিংবা শোরুমে কেনাকাটার সামর্থ্য যাদের সীমিত, তাদের অনেকেই ফুটপাতের দোকানের ওপর নির্ভর করেন। বিশেষ করে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে পোশাক, জুতা, ব্যাগ, প্রসাধনীসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য কেনার সহজলভ্য জায়গা এসব ফুটপাত। নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে গিয়ে তাদের অনেকেই এসব দোকান বেছে নেন।

গাউছিয়ায় কেনাকাটা করতে আসা ক্রেতা রাকিবুর রশিদ বলেন, ‘আমাদের আয় সীমিত। বড় দোকান থেকে সবকিছু কেনার সামর্থ্য নেই। ফুটপাতের দোকানে কম দামে অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের পোশাক, জুতা কিংবা নিজেদের ছোটখাটো প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনি। হকারদের দোকান না থাকলে আমাদের মতো মানুষের কেনাকাটার খরচ আরও বেড়ে যাবে।’
আরেক ক্রেতা নুরে আলম বলেন, ‘ফুটপাত দখল করে এমনভাবে দোকান বসানো উচিত নয়, যাতে মানুষের হাঁটাচলায় সমস্যা হয়। কিন্তু তাদের একেবারে উচ্ছেদ করে দিলেই তো সমস্যার সমাধান হয় না। তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া দরকার। তাহলে মানুষও চলাচল করতে পারবে, আবার হকাররাও কাজ করতে পারবেন।’
শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান কতটা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, বিকল্প কর্মস্থল বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকলে হকাররা অন্য কোনো সড়ক, ফুটপাত কিংবা এলাকায় গিয়ে আবারও ব্যবসা শুরু করতে পারেন। এতে এক জায়গার সমস্যা অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে পরিকল্পিত হকার ব্যবস্থাপনা ছাড়া শুধু উচ্ছেদ অভিযান দিয়ে স্থায়ী সমাধান পাওয়া কঠিন।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ফুটপাতের হকাররা মূলত অনানুষ্ঠানিক অর্থনীতির অংশ। তাদের ব্যবসার বড় একটি অংশ হয়তো আনুষ্ঠানিক হিসাব-নিকাশের মধ্যে আসে না। কিন্তু তাদের মাধ্যমে পণ্য কেনাবেচা হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে, ক্ষুদ্র পুঁজি ঘুরছে এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়চাহিদা পূরণ হচ্ছে। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি নিরূপণ না করে হকারদের ব্যবসাকে কেবল ফুটপাত দখলের সমস্যা হিসেবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ আড়ালে থেকে যায়।
>> আরও পড়ুন
ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাজিয়া মাহবুবা আক্তার ঢাকা মেইলকে বলেন, 'ফুটপাত দখলমুক্ত করা নগরের স্বাভাবিক পরিবেশ, সৌন্দর্য ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার জন্য জরুরি। তবে হকারদের বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করা হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে এবং দারিদ্র্য বাড়ার আশঙ্কা তৈরি হবে। কারণ, এসব হকারের বড় একটি অংশ গ্রাম থেকে জীবিকার সন্ধানে ঢাকায় আসা মানুষ। সামান্য পুঁজি নিয়ে ফুটপাতে ব্যবসা করে তারা নিজেদের পরিবার চালান। অন্যদিকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও ফুটপাতের এসব দোকান থেকে তুলনামূলক কম দামে প্রয়োজনীয় পণ্য কেনেন। ফলে হকার উচ্ছেদের প্রভাব শুধু বিক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কম দামে পণ্য কেনার সুযোগ হারাবেন ক্রেতারাও।'
সমস্যা সমাধানে হকারদের নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, 'বিদেশের বিভিন্ন দেশে হলিডে মার্কেট বা নির্দিষ্ট সময়ভিত্তিক বাজারের ব্যবস্থা রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে নির্দিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রেখে সেখানে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হয়। আবার কোথাও রাতে মার্কেট বন্ধ হওয়ার পর নির্দিষ্ট সময়ে রাস্তার পাশে অস্থায়ী বাজার বসে। ঢাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট হকার মার্কেট তৈরি, স্বল্পমূল্যে ব্যবসার লাইসেন্স দেওয়া, ফাঁকা সরকারি জায়গায় স্টল বরাদ্দ এবং ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরি করা যেতে পারে। এতে একদিকে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে, অন্যদিকে হকারদের জীবিকাও সুরক্ষিত থাকবে। পরিকল্পিত পুনর্বাসন ছাড়া শুধু উচ্ছেদ অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না; বরং হকাররা আবারও সুযোগ বুঝে ফুটপাতে ফিরে আসবেন।'
হকারদের অনেকেই বলছেন, তারা ফুটপাত দখল করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করতে চান না। তবে তাদের দাবি, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হোক। নির্দিষ্ট স্থান, নির্ধারিত সময় এবং নিয়মের মধ্যে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হলে তারা সেই নিয়ম মেনে চলতে রাজি। তাদের মতে, ব্যবসার জায়গা হারানোর অর্থ শুধু একটি দোকান হারানো নয়, বরং পরিবারের নিয়মিত আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া।

হকার ইয়াজ উদ্দিন বলেন, ‘আমরা চাই রাস্তা-ফুটপাত পরিষ্কার থাকুক, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করুক। কিন্তু আমাদেরও তো বাঁচতে হবে। সরকার যদি নির্দিষ্ট জায়গা করে দেয়, সেখানে নিয়ম মেনে ব্যবসা করব। আমরা কারও চলাচলে বাধা দিতে চাই না। শুধু চাই, আমাদের জীবিকার একটা ব্যবস্থা থাকুক।’
নিউ মার্কেটের পাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়ার পর সেখানে দৃশ্যমান পরিবর্তন এসেছে। কিন্তু সেই পরিবর্তনের অন্য পাশে রয়েছে জীবিকা হারানোর শঙ্কা, ক্ষুদ্র পুঁজির অনিশ্চয়তা এবং নিম্ন আয়ের মানুষের কেনাকাটার বাস্তবতা। গাউছিয়ার হকাররা এখনো দোকান খুলছেন, পণ্য সাজাচ্ছেন, ক্রেতার অপেক্ষা করছেন। তবে তাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা নেই।
নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ঢাকা মেইলকে বলেন, ‘যারা ফুটপাত ও সড়ক ব্যবহারের অধিকার রাখেন, তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও শক্তিশালী করা প্রয়োজন। দরিদ্র মানুষকে রাস্তায় রেখে পুনর্বাসনের চিন্তা করা হলে তা ঢাকার নগর ব্যবস্থাপনার জন্য সুফল বয়ে আনবে না। বরং সামাজিক নিরাপত্তা বাড়িয়ে তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’
এম/জেবি