সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

দোকান ভাড়া আর খরচের চাপে দিশেহারা মুদি দোকানিরা

আব্দুল হাকিম
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম

শেয়ার করুন:

দোকান ভাড়া আর খরচের চাপে দিশেহারা মুদি দোকানিরা
মুদি দোকান (ছবি: এআই)
  • ২০০৬ সাল থেকে চালু থোক ভ্যাট
  • ধাপে ধাপে করের আওতায় আনার পক্ষে মত
  • বিক্রি কমলে সংসার চালানোই দায়
  • বিক্রির বড় অংশ ব্যয় হয় নতুন পণ্য কেনায়
  • দোকানেই কাটে সকাল থেকে মধ্যরাত

সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকানে বসে থাকেন লিটন মিয়া। চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে সাবান-শ্যাম্পু, প্রতিদিনের প্রয়োজনীয় নানা পণ্য বিক্রি করেন। দিন শেষে বিক্রির টাকা থেকে নতুন পণ্য কেনা, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ মেটাতে হয়। সব খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়েই চলে তার সংসার। পণ্যের দাম বৃদ্ধি, ক্রেতার সীমিত কেনাকাটা এবং বাড়তি পরিচালন ব্যয়ে প্রতিনিয়ত হিসাব মেলাতে হচ্ছে তাকে।

শুধু লিটন মিয়া নন, রাজধানীর মিরপুর ৬, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও ও মিরপুর ৬০ ফিট এলাকার মুদি দোকানগুলোর  অনেকেই এখন দোকান ভাড়া ও অন্যান্য খরচের চাপে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।

পাড়া-মহল্লার এসব দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী। বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মতো তাদের আলাদা হিসাব বিভাগ, কর্মচারী কিংবা আধুনিক বিক্রয় ব্যবস্থাপনা নেই। অনেক দোকান পরিচালিত হয় মালিকের নিজের শ্রমে। কোথাও পরিবারের সদস্যরাও দোকানের কাজে যুক্ত থাকেন।

এ ধরনের ব্যবসার বড় অংশই নির্ভর করে প্রতিদিনের বিক্রির ওপর। দিনের বিক্রি থেকে পণ্যের ক্রয়মূল্য, দোকান ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে হয়। অনেক দোকানি প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পণ্য কিনে দোকানে রাখেন। আবার বাকিতে পণ্য বিক্রির প্রচলনও রয়েছে। ফলে দোকানের মোট বিক্রির অর্থকে প্রকৃত আয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বিক্রির বড় অংশই আবার নতুন পণ্য কেনার কাজে চলে যায়।

এ অবস্থায় মুদি দোকানসহ কয়েকটি খুচরা ব্যবসায়িক খাতকে নতুন অর্থবছর থেকে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মুদি দোকান, তৈরি পোশাকের দোকান, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যার, ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টির দোকান ও রেস্তোরাঁসহ ১৬ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানকে এ পরিকল্পনার আওতায় আনার কথা জানিয়েছিলেন।

মুদি দোকানিদের উদ্বেগের বড় কারণ হলো ব্যবসার প্রকৃত আয় ও মোট বিক্রির মধ্যে পার্থক্য। একটি দোকানে প্রতিদিন কয়েক হাজার টাকার পণ্য বিক্রি হলেও সেই অর্থের বড় অংশ পণ্য কেনার পেছনে ব্যয় হয়। পণ্যের ধরন অনুযায়ী লাভের পরিমাণও একেক রকম। চাল, ডাল, তেল কিংবা চিনির মতো পণ্যে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের ব্যবধান তুলনামূলক কম থাকে। অন্যদিকে কিছু প্রসাধনী ও গৃহস্থালি পণ্যে লাভের পরিমাণ কিছুটা বেশি হতে পারে।

তাই শুধু বিক্রির পরিমাণ বিবেচনা করে কর নির্ধারণ করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি চাপে পড়তে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব দোকানের বিক্রি বেশি হলেও মুনাফার হার কম, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট পরিশোধ করা কঠিন হতে পারে।

অন্যদিকে ছোট দোকানগুলোর পরিচালন ব্যয়ও কম নয়। রাজধানীর আবাসিক এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে হলে মাসিক ভাড়া দিতে হয়। এর সঙ্গে বিদ্যুৎ বিল, দোকানের মালামাল আনা-নেওয়ার খরচ এবং প্রয়োজনে কর্মচারীর বেতন যুক্ত হয়। অনেক দোকানি নিজেই সকাল থেকে রাত পর্যন্ত দোকানে সময় দেন। ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই তাদের সংসার চালাতে হয়। ফলে নতুন কোনো কর আরোপ হলে সেটি তাদের ব্যক্তিগত আয়েও প্রভাব ফেলতে পারে।

মুদি দোকানিদের আরেকটি বড় সমস্যা হলো নিয়মিত হিসাব সংরক্ষণের সীমাবদ্ধতা। অনেক দোকানে প্রতিদিনের বিক্রি, পণ্য কেনা ও বাকি লেনদেনের হিসাব খাতায় লেখা হয়। কোনো কোনো ক্ষেত্রে সেটিও নিয়মিত করা হয় না। আধুনিক ক্যাশ রেজিস্টার বা ডিজিটাল হিসাব ব্যবস্থার ব্যবহারও সীমিত। ফলে এসব দোকানের প্রকৃত বিক্রি ও মুনাফার হিসাব নির্ধারণ করা রাজস্ব বিভাগের জন্য সহজ হবে না।

মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব?

বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনার বিষয়টি নতুন নয়। এর আগে প্যাকেজ ভ্যাট বা নির্দিষ্ট পরিমাণ কর আদায়ের ব্যবস্থা চালু ছিল। ২০০৬ সাল থেকে সহজ পদ্ধতিতে থোক ভ্যাট ব্যবসায়ীদের মধ্যে প্যাকেজ ভ্যাট নামে পরিচিতি পায়। তবে সর্বশেষ প্রণীত ভ্যাট আইনে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বিক্রি করা প্রতিষ্ঠানকে টার্নওভার কর ও ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রচলিত বিধান অনুযায়ী, বছরে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় এমন প্রতিষ্ঠান ভ্যাট ও টার্নওভার কর থেকে অব্যাহতি পায়। ফলে নতুন করে মুদি দোকানিদের ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে এর সামঞ্জস্য নিশ্চিত করতে হবে।

সরেজমিনে গিয়ে বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানই ছোট পরিসরে পরিচালিত হচ্ছে। কোথাও মালিক নিজেই সকাল থেকে রাত পর্যন্ত দোকান সামলাচ্ছেন, আবার কোথাও পরিবারের সদস্যরা সহযোগিতা করছেন। দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা থাকলেও বিক্রি থেকে পাওয়া অর্থের বড় অংশই চলে যাচ্ছে নতুন পণ্য কেনা, দোকান ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে। দিন শেষে সীমিত যে অর্থ থাকে, তা দিয়েই চলে দোকানিদের সংসার। এর মধ্যে নতুন করে ভ্যাট আরোপের পরিকল্পনায় বাড়তি চাপের আশঙ্কা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মিরপুর ৬০ ফিট এলাকার মুদি দোকানদার গোলাম কবির ঢাকা মেইলকে বলেন,  ‘আমাদের মতো ছোট দোকানে বিক্রি যত হয়, লাভ তত হয় না। চাল, ডাল, তেলসহ বেশির ভাগ পণ্যে লাভ খুবই কম। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও সংসারের খরচ মেটানোর পর হাতে তেমন কিছু থাকে না।’

একই এলাকার দোকানি শামসুল আলম ঢাকা মেইলকে বলেন, ‘প্রতিদিন দোকানে বসে ব্যবসা করতে হয়। পণ্যের দাম বাড়লে ক্রেতারা আগের মতো কেনাকাটা করতে চান না। অনেকেই বাকিতে পণ্য নেন। সব টাকা সময়মতো আদায়ও হয় না। এই অবস্থায় নতুন করে ভ্যাট দিতে হলে সেই টাকা কোথা থেকে দেব, সেটাই চিন্তার বিষয়।’

শেওড়াপাড়া এলাকার মেসার্স স্বদেশ বাজারের মালিক মো. মিজানুর রহমান ঢাকা মেইলকে বলেন, দোকানে দিনে পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রি হলেই সেটা আমাদের আয় নয়। এই টাকা দিয়ে আবার মাল কিনতে হয়। কিছু টাকা দোকান ভাড়া ও অন্যান্য খরচে চলে যায়। সরকার ভ্যাট নিতে চাইলে দোকানের বিক্রি ও লাভ বুঝে নিতে হবে। বড় ব্যবসা আর ছোট মুদি দোকানকে একভাবে দেখলে আমরা টিকতে পারব না।

রাজস্ব বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন ব্যবস্থায় প্যাকেজ ভ্যাট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। দোকানের আকার, বিক্রির পরিমাণ ও পণ্যের মজুতের ভিত্তিতে ভ্যাট নির্ধারণ করা হতে পারে। আবার উপজেলা, জেলা ও সিটি করপোরেশন এলাকায় দোকানের অবস্থান অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ভ্যাট নির্ধারণের চিন্তাও থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব অনুযায়ী, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। এর বাইরে পাড়া-মহল্লায় অসংখ্য ছোট-বড় মুদি দোকান রয়েছে। এ ধরনের সব প্রতিষ্ঠানকে একই ধরনের নিয়মের আওতায় আনা হলে বাস্তবায়নের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে।

বিশেষ করে যেসব দোকানের ট্রেড লাইসেন্স নেই, সেগুলোকে শনাক্ত করে করের আওতায় আনা বড় চ্যালেঞ্জ হতে পারে। অনেক দোকান অল্প জায়গায়, বাড়ির নিচে কিংবা আবাসিক এলাকার ভেতরে পরিচালিত হয়। এসব দোকানের ব্যবসায়িক কার্যক্রমের কোনো আনুষ্ঠানিক নথি নেই। আবার অনেক দোকানি ব্যাংকের মাধ্যমে নিয়মিত লেনদেনও করেন না। ফলে তাদের ব্যবসার আকার ও বিক্রির পরিমাণ নির্ধারণে কার্যকর ব্যবস্থা প্রয়োজন হবে।

সিপিডির গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানিয়েছেন, মুদি দোকানসহ অনানুষ্ঠানিক খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার উদ্যোগ অর্থনীতির স্বার্থে যৌক্তিক। তবে শুরুতেই জটিল করব্যবস্থা চাপিয়ে না দিয়ে সহজ পদ্ধতিতে তাদের নিবন্ধন ও হিসাব সংরক্ষণের আওতায় আনা প্রয়োজন।

এই অর্থনীতিবিদ বলেন, এসব দোকানে যথাযথ হিসাবের রেজিস্টার নেই। ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারও ব্যবহার করা হয় না। এ কারণে তাদের কাছ থেকে রাজস্ব আদায়ে জটিলতা রয়েছে। ধাপে ধাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় এনে দোকানের আকার, বিক্রির পরিমাণ ও পণ্যের মজুত বিবেচনায় কর নির্ধারণ করা যেতে পারে। শুরুতে গুচ্ছ বা প্যাকেজ পদ্ধতিতে কর আদায় করা হলেও পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা সম্ভব। এতে ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসার একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে।

এএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর