Dhaka Mail Logo

জাতীয়

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

রাস্তা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন মো. নাঈম খান (৬০) নামের এক বৃদ্ধা।

শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমলাই উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

প্রথমে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নিহত নাঈম খান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ।

নিহতের মেয়ের জামাই ইমরান বলেন, ‘এদিন দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে শিমলাই উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর হঠাৎ চড়াও হয় প্রতিপক্ষ হোসেন, ইকবাল ও মায়াসহ আরও ৩-৪ জন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আমার শ্বশুরের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেলের দিকে তাকে মৃত ঘোষণা করেন। ’

ইমরান খান বলেন, ‘রাস্তার জায়গা নিয়ে বিরোধ ছিল তাই বলে সামান্য রাস্তার জন্য একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো? আমি ওনাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এমএমআর/এএম