Dhaka Mail Logo

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

বিআরটিএ বলছে, এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। তবে নির্ধারিত সময়ের পর আবেদন করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পোস্টে এসব তথ্য জানায় সরকারি সংস্থাটি।

ফেসবুক পোস্টে বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যে কোনো ব্যক্তি আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে চালকরাও সহায়তার আওতাভুক্ত। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমেও আবেদন করা যাবে।

সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির অবস্থা অনুযায়ী। সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তাঁর পরিবারকে অন্যূন ৫ লাখ টাকা দেওয়া হবে। দুর্ঘটনায় অঙ্গহানি হলে অন্যূন ৩ লাখ টাকা সহায়তা পাওয়া যাবে। গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলেও অন্যূন ৩ লাখ টাকা দেওয়া হবে। তবে গুরুতর আহত হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে সহায়তার পরিমাণ অন্যূন ১ লাখ টাকা।

সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফেসবুক পোস্ট।
সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফেসবুক পোস্ট।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ট্রাস্টি বোর্ডের অনুমোদনের পর নির্ধারিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়। এ ক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে আর্থিক সহায়তার জন্য আবেদন গ্রহণের সুযোগ নেই। ফলে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার কিংবা আহত ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।

এএইচ/এএম